বগুড়া জেলা কারাগারের মাদক মামলার হাজতি রহিম উদ্দিন (৬০) মারা গেছেন। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার দিনগত রাত ২টা ৪০ মিনিটে তিনি মারা যান।
সোমবার তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মৃত রহিম উদ্দিন বগুড়ার শিবগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের ঠারু শেখের ছেলে।
বগুড়ার জেল সুপার মো. আসাদুর রহমান বলেন, রহিম উদ্দিন (৬০) মাদক মামলার আসামি ছিলেন। গত ৫ জুন তাকে আদালত থেকে কারাগারে প্রেরণ করা হয়। এরপর থেকে তিনি বিভিন্ন সময় অসুস্থ ছিলেন। তিনি কারা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে রোববার দিনগত রাত ১টা ২০ মিনিটের দিকে তিনি বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এরপর তাকে শজিমেক হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাত ২টা ৪০ মিনিটে তিনি মারা যান। চিকিৎসক জানিয়েছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
জেল সুপার আরও বলেন, সোমবার (২ নভেম্বর) একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়। এরপর ওই হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে বিকাল ৩টার দিকে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



