শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বহিরাগতদের তৎপরতা ঠেকাতে গাজীপুরের কালিয়াকৈরে বাড়ি ও ফ্ল্যাটের মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার কালিয়াকৈর পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এতে সই করেন কালিয়াকৈর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বাড়ি বা ফ্ল্যাটের ভাড়াটেরা নিজ পরিবারের সদস্যদের বাইরে অন্য কোনো বহিরাগত ব্যক্তিকে আশ্রয় দিয়ে থাকলে অথবা কোনো বহিরাগত অপরাধ চক্রের সদস্য বাসাভাড়া নিয়ে অবস্থান করলে দ্রুত কালিয়াকৈর থানা কিংবা উপজেলা প্রশাসনকে জানাতে হবে। এ বিষয়ে বাড়ির মালিকদের বিশেষভাবে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
এতে আরও বলা হয়েছে, বিষয়টি প্রশাসনকে না জানালে এবং এ কারণে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে, তার দায় সংশ্লিষ্ট বাড়ির মালিকদের ওপর বর্তাবে।
বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতি জরুরি’ উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ইউএনও এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনে বহিরাগতদের প্রবেশ ঠেকিয়ে অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে এ গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেও এ উদ্যোগ নেওয়া হয়েছে।



