ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে তৃতীয় দিনের মতো নারায়ণগঞ্জের ফতুল্লায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত ফতুল্লার কুতুবআইল কাঠেরপুল এলাকায় কয়েক হাজার শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
বিকালে পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরাতে না পেরে একাধিক টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় বিএনপি নেতাকর্মীরা নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে দুজনকে এবং পুলিশ তিনজনকে আটক করে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফতুল্লার কুতুবআইল কাঠেরপুল এলাকায় মেট্রো, লিবার্টি, আবির, আজাদ-রিফাত, পলমল ও টাইম সোয়েটার নামে ৬-৭টি বড় ধরনের গার্মেন্টস কারখানা রয়েছে। এসব কারখানার কয়েক হাজার শ্রমিক সকালে কাজ বন্ধ রেখে সড়কে অবস্থান নেন। এরপর মজুরির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। বিকালে তারা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ওঠার চেষ্টা করলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী জানান, শ্রমিকদের আন্দোলনে নাশকতার চেষ্টা চালানোর অভিযোগে দলীয় নেতাকর্মীরা দুজনকে আটক করেছেন। তাদের নাম জানা নেই, তবে পুলিশে দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, শ্রমিকরা যাতে সড়কে নেমে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারেন, সেজন্য আমরা কোথাও তাদের জড়ো হতে দিইনি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।






