শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
২২শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

শ্রমিকের আবেগ নিয়ে নৈরাজ্য করতে দেব না: ঢাকার ডিআইজি

শ্রমিকের আবেগ নিয়ে নৈরাজ্য করতে দেব না: ঢাকার ডিআইজি...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৫ নভেম্বর ২০২৬, ১১:০৩ পিএমসর্বশেষ: ৫ নভেম্বর ২০২৬, ১১:০৩ পিএম
শ্রমিকের আবেগ নিয়ে নৈরাজ্য করতে দেব না: ঢাকার ডিআইজি

ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন, গাজীপুর এখন শান্ত আছে। এই শান্ত পরিবেশকে আর কাউকে অশান্ত করতে দেওয়া হবে না। শ্রমিকের আবেগকে কাজে লাগিয়ে যারা নৈরাজ্য সৃষ্টি করছে, পুলিশসহ শ্রমিক, মালিক, ব্যবসায়ী ও সাধারণ জনগণ সবাই মিলে তাদের প্রতিহত করবে। আপনারা দেখছেন যে আমাদের পুলিশের কিছু সদস্য আহত হলেও আমরা শ্রমিক বা শ্রম সেক্টরে পূর্ণ মানবিকভাবে কাজ করছি। শ্রমিক আহত হোক, এটা আমরা চাই না। শ্রমিকদের প্রতি আমরা পূর্ণ সহানুভূতিশীল এবং পূর্ণ আবেগ নিয়ে কাজ করছি। সরকার এবং পুলিশ শ্রমিকদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল।

তিনি বলেন, শ্রমিকদের যৌক্তিক দাবির প্রতি সরকারের সহানুভূতি আছে; কিন্তু সেই সহানুভূতির নামে একটি পক্ষ বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আপনারা জানেন, আমাদের শ্রমিক ভাই-বোন যারা আছে, তারাই প্রকৃত যোদ্ধা। তারা এই শ্রম সেক্টরে কাজ করছে দেখেই আমাদের রপ্তানিমুখী পণ্য দেশের বাইরে যাচ্ছে এবং আমরা রেমিট্যান্স আনতে পারছি।

বৃহস্পতিবার বিকালে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা বাসস্ট্যান্ড পরিদর্শনে গিয়ে এক ব্রিফিংয়ে ডিআইজি মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন।

এ সময় অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান, গাজীপুর জেলা পুলিশ সুপার জসিম উদ্দিন, কালিয়াকৈর সার্কেল এসপি শফিকুল ইসলাম, থানার ওসি শহিদুল ইসলামসহ গাজীপুরের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিকরা কাজ করছেন বলেই দেশের অর্থনীতি সচল আছে। তাই শ্রমিকদের নিরাপত্তা দেওয়া, তাদের কাজের পরিবেশ শান্ত রাখা পুলিশের দায়িত্ব।

তিনি শ্রমিক ভাই-বোনদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের আবেগকে কাজে লাগিয়ে যারা নৈরাজ্য সৃষ্টি করছে, আপনাদেরও দায়িত্ব আছে তাদের প্রতিহত করার। আন্দোলনের নামে কারখানা ভাঙচুর, গাড়িতে আগুন, রাস্তা বন্ধ করা—এটা শ্রমিকদের আন্দোলন হতে পারে না। এটা শ্রমিকদের ক্ষতি করছে। যারা এসব করছে, তারা শ্রমিকের বন্ধু নয়।

শুধু শ্রমিক নয়, এই এলাকার অধিবাসী ও ব্যবসায়ীদেরও এগিয়ে আসার আহ্বান জানান ডিআইজি। তিনি বলেন, যারা এই এলাকার অধিবাসী আছেন, যারা ব্যবসায়ী আছেন, তাদেরও বলবো—আপনারাও তো এই শ্রম সেক্টরের ওপর নির্ভর করে চলেন। আপনাদের ব্যবসা-বাণিজ্য চলে। কাজেই আপনাদেরও দায়িত্ব আছে, এটাকে একটা সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলার। গাজীপুরের শান্তি রক্ষা করা শুধু পুলিশের কাজ নয়, এটা সবার কাজ। পুলিশ, শ্রমিক, মালিক, ব্যবসায়ী ও সাধারণ জনগণ—সবাই মিলে যদি দাঁড়ায়, তাহলে কেউ শান্ত পরিবেশ অশান্ত করতে পারবে না।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ