জামালপুরের দেওয়ানগঞ্জে তৃতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৮) ধর্ষণচেষ্টার অপরাধে মাদ্রাসাশিক্ষক মো. সাইদুর রহমান মুন্সিকে (৪৫) ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত সাইদুর রহমান দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সাকোয়াপাড়া এলাকার জুরান আলী মিস্ত্রির ছেলে।
আদালতের পিপি অ্যাডভোকেট ফজলুল হক জানান, ভুক্তভোগী শিশুটি দেওয়ানগঞ্জের একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী। মাদ্রাসায় শিক্ষকতা করার সুবাদে ওই ছাত্রীকে বিভিন্ন সময় নানা অজুহাতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান শিক্ষক সাইদুর রহমান।
চলতি বছরের ২৪ এপ্রিল ওই শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. আব্দুল খালেক বাদী হয়ে গত ৩ মে দেওয়ানগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় মোট পাঁচজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।





