ক্রিশ্চিয়ানো রোনালদো সম্ভবত পর্তুগালের ইতিহাসের সবচেয়ে বিখ্যাত মানুষ। তিনি এখন আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন। তার বিদায়ের পরই প্রশ্ন উঠছে, তার ৭ নম্বর জার্সিটি কি এখন অবসরে পাঠাতে পারবে পর্তুগাল?
পর্তুগালের হয়ে রোনালদোর শেষ ম্যাচ ছিল ২৪ সেপ্টেম্বর, ওয়েলসের বিপক্ষে। সব মিলিয়ে তিনি খেলেছেন ২৩৪টি ম্যাচ। ২০০৩ সালে অভিষেকের সময় তিনি পরতেন ১৬ নম্বর জার্সি। এরপর ২০০৮ সালে পান ৭ নম্বর জার্সিটি। এরপর সেই জার্সি গায়ে চড়িয়েই তিনি জিতেছেন ইউরো ২০১৬ ও দুটি নেশনস লিগ। ১৪৬ গোল নিয়ে তিনি পুরুষ ফুটবলে আন্তর্জাতিক গোলের রেকর্ডধারী। সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও তারই।
রোনালদোর বিদায় সামনে এনেছে জার্সি নম্বর অবসরে পাঠানোর বিষয়টি। ফুটবলে এ নিয়ে ফিফার একটি কম পরিচিত নিয়ম আছে। সেই নিয়মে আন্তর্জাতিক ফুটবলে কোনো জার্সি নম্বর অবসরে পাঠানো যায় না।
তবে ক্লাব ফুটবলের হিসাবটা আলাদা। বেশ কিছু ক্লাব তাদের কিছু জার্সি নম্বরকে অবসরে পাঠিয়েছে। যেমন, ২০২৫ সালে দিয়োগো জোতার মর্মান্তিক মৃত্যুর পর লিভারপুল তার ২০ নম্বর জার্সি অবসরে পাঠিয়েছে। ইয়োহান ক্রুইফের ১৪ (আয়াক্স), পাওলো মালদিনির ৩ (মিলান), ফ্রাঙ্কো বারেসির ৬ (মিলান) এবং জুড বেলিংহামের ২২ (বার্মিংহাম সিটি) জার্সিও এই তালিকায় আছে।
ফিফার নিয়মানুসারে আন্তর্জাতিক দল কোনো খেলোয়াড়ের জার্সি অবসরে পাঠাতে পারে না। ফিফা ও ফিফার কনফেডারেশনগুলোর টুর্নামেন্টে প্রতিটি জাতীয় দলকে স্কোয়াডের সব খেলোয়াড়ের জন্য পরপর নম্বর ঠিক করতে হয়।
পর্তুগাল খেলে উয়েফার অধীনে। ২০২৬ বিশ্বকাপে প্রতিটি দলে ছিলেন ২৬ জন করে। তাই নম্বর নিতে হয়েছে ১ থেকে ২৬ পর্যন্ত।
আর্জেন্টিনা ফুটবল সংস্থা (এএফএ) আগে একবার চেষ্টা করেছিল। বিশ্বকাপজয়ী কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সম্মানে ১০ নম্বর জার্সি অবসরে পাঠাতে চেয়েছিল তারা। ২০০২ বিশ্বকাপের আগে ফিফা সেই অনুরোধ নাকচ করে দেয়। ফলে জার্সিটি পরেন আরিয়েল ওর্তেগা। ইতালির ক্লাব নাপোলি অবশ্য ম্যারাডোনার ১০ নম্বর অবসরে পাঠিয়েছে।
পর্তুগাল এমন চেষ্টা করেনি। রোনালদোর আগে ৭ নম্বর পরতেন আরেক ব্যালন ডি’অর জয়ী লুইস ফিগো। তিনি ২০০৬ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন। ফিগোর সঙ্গে খেলার সময় রোনালদো পরতেন ১৭ নম্বর। রোনালদোর অনুপস্থিতির সময় নানি ও রিকার্দো কারেজমাও ৭ নম্বর পরেছেন।
সেপ্টেম্বরে রোনালদো পর্তুগাল দলের ক্যাম্প ছেড়ে যাওয়ার পর ফাঁকা ৭ নম্বর জার্সি পরেছেন রাফায়েল লেয়াও। ওই আন্তর্জাতিক বিরতিতে নেশনস লিগের বাকি দুটি ম্যাচ ছিল ডেনমার্ক ও নরওয়ের বিপক্ষে। সে কারণেই পর্তুগাল রোনালদোর ৭ নম্বর জার্সিটাকে অবসরে পাঠানোর সম্ভাবনাকে আপাতত ক্ষীণই মনে হচ্ছে।






