সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
২৪শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

‘উসমান খাজার প্রত্যেকটা কথাই সত্যি’

‘উসমান খাজার প্রত্যেকটা কথাই সত্যি’...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ৫:৫০ পিএমসর্বশেষ: ৯ নভেম্বর ২০২৬, ৫:৫০ পিএম
‘উসমান খাজার প্রত্যেকটা কথাই সত্যি’

৮ বছর আগের কেপ টাউন টেস্টের বল বিকৃতি কাণ্ড নিয়ে নতুন করে উত্তাল ক্রিকেটমহল। প্রতিদিনই সামনে আসছে নিত্য নতুন তথ্য। একদিন আগেই উসমান খাজা দাবি করেছিলেন, বল বিকৃতির ঘটনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের প্রায় সকলেই জানতেন। অথচ ঘটনার দায় চাপানো হয়েছিল ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ এবং ক্যামেরন ব্যানক্রফটের উপর।

এবার সতীর্থের সেই দাবির সঙ্গে সহমত পোষণ করেছে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। তিনি জানিয়েছেন, উসমান খাজা যা বলেছে- তার প্রত্যেকটা কথাই সত্যি।

সোশাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় ডেভিড ওয়ার্নার জানান, ‘তদন্তের কাজ দ্রুত শেষ করা হয়েছিল। পুরো প্রক্রিয়াতেই ত্রুটি ছিল। উসমান খাজা যা বলেছে, তার প্রত্যেকটা কথাই সত্যি। এখন সবাই প্রকৃত সত্যিটা জানতে পেরেছে। মানুষ এই সত্যের অপেক্ষাতেই ছিল। উসমান খাজা সাহস করে কথাগুলো সামনে এনেছে। আসল সত্যিটা প্রকাশ্যে আসা জরুরি ছিল।

খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে উসমান খাজার আত্মজীবনী। তার আগে বইয়ের প্রচারে পুরনো ঘটনা নিয়ে মুখ খুলেছেন তিনি, এমন অভিযোগও উঠেছে। তবে সেই সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ ওয়ার্নার। বরং উসমান খাজাকে আক্রমণ করার প্রবণতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

ওয়ার্নার বলেন, ‘এখন অনেকেই প্রশ্ন তুলছে, ৮ বছর পরে কেন এই কথা? কেউ কেউ বই বিক্রির প্রসঙ্গও টেনে আনছে। এটা কি ব্রিসবেনের কোনও গল্প, না কি উসমানের নিজস্ব বিশ্বাস? এই ধরনের সমালোচনা একেবারেই অর্থহীন।

উসমান খাজা জানিয়েছিলেন, বল বিকৃতি কাণ্ডের তদন্ত চলাকালীন ড্রেসিংরুমের সদস্য হওয়া সত্ত্বেও তাকে কোনও প্রশ্ন করা হয়নি। সেই বক্তব্যকেও সমর্থন করেছেন ওয়ার্নার।

তিনি বলেছেন, ‘পুরো তদন্ত প্রক্রিয়াতেই একাধিক ভুল ছিল। ব্যানক্রফটের ঠিক পাশেই বসেছিল উসমান খাজা। তা সত্ত্বেও ওকে কিছু জিজ্ঞাসা করা হয়নি। এমন তদন্তকে কীভাবে পূর্ণাঙ্গ বলা যায়? বিষয়টি আমাকে বিস্মিত করেছে।

ওয়ার্নার বলেন, ‘আমাদের উদ্দেশ্য কাউকে দোষারোপ করা নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দায়বদ্ধতা ও স্বচ্ছতা। পাশাপাশি সত্যিটা যাতে নিরপেক্ষ ভাবে যাচাই করা হয়, সেটাও নিশ্চিত করতে হবে। ওই ব্যক্তিকে প্রশ্নের মুখে না ফেলে যারা তদন্তের দায়িত্বে ছিলেন, তাদের কাছে জবাব চাওয়া উচিত।

বার্তায় ওয়ার্নার আরও বলেন, ‘গত কয়েক দিনে মেয়েদের সঙ্গে বসে আমাকে সবটা আলোচনা করতে হয়েছে। সেদিন আসলে কী ঘটেছিল, তা ওদের বুঝিয়ে বলেছি। এই কারণেই ভিডিও প্রকাশ করতে কিছুটা সময় লেগেছে। আমার ১২ বছরের মেয়ে আইভি জানতে চেয়েছিল, সেদিন টেলিভিশনে আমাকে কাঁদতে কাঁদতে কেন ওকে জড়িয়ে ধরতে দেখা গিয়েছিল। মেয়েদের কাছে গোটা বিষয়টা ব্যাখ্যা করা আমার জন্য খুব কঠিন ছিল।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ