সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
২৪শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

ময়লা ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না পেয়ে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

ময়লা ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না পেয়ে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ৮:৩০ পিএমসর্বশেষ: ৯ নভেম্বর ২০২৬, ৮:৩০ পিএম
ময়লা ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, না পেয়ে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির নাম ভাঙিয়ে এক ময়লা ব্যবসায়ীর কাছে নিয়মিত চাঁদা দাবি এবং দাবিকৃত টাকা না পেয়ে তার বাড়িতে হামলা, ভাঙচুর, মারধর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় স্থানীয় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে কালিয়াকৈর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী।

অভিযোগকারী শফিকুল ইসলাম গাজী কালিয়াকৈরের হাজী মার্কেট এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ওই এলাকায় বসবাস করে আশপাশের বাসাবাড়ির ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ করেন।

অভিযুক্তরা হলেন ইসমাইল মণ্ডল (৪২), রাসেল (৩০) ও কবির হোসেন (২৮)। তাদের সবার বাড়ি মৌচাক হাজী মার্কেট এলাকায়।

লিখিত অভিযোগে শফিকুল ইসলাম দাবি করেন, গত ৫ আগস্টের পর থেকে অভিযুক্তরা বিএনপির নাম ভাঙিয়ে তার কাছে প্রতি মাসে ১০ হাজার টাকা করে ব্যবসায়িক চাঁদা আদায় করে আসছিলেন। তিনি নিয়মিত চাঁদা দিলেও একপর্যায়ে এর পরিমাণ বাড়িয়ে মাসে ২০ হাজার টাকা দাবি করা হয়। দাবিকৃত টাকা না দিলে তাকে এলাকায় বসবাস ও ব্যবসা করতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হয়।

অভিযোগে বলা হয়, গত ১ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে ইসমাইল মণ্ডল তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানো হয়।

পরে একই দিন বেলা সাড়ে ১২টার দিকে ইসমাইল মণ্ডলসহ অন্য অভিযুক্তরা এবং অজ্ঞাতনামা ১০ থেকে ১৫ জন দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, লোহার রড ও পাইপ নিয়ে তার বাড়িতে হামলা চালান। এ সময় শফিকুলকে বাড়িতে না পেয়ে তার স্ত্রী মোছা. রুবিনা বেগমকে গালাগাল করা হয়। পরে তার ছেলের স্ত্রী খাদিজা আক্তার সেখানে এলে তাকেও গালাগাল ও মারধরের চেষ্টা করা হয়। এ সময় বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

এ ঘটনার প্রতিকার চেয়ে গত ৫ নভেম্বর সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শফিকুল ইসলাম গাজী। সেখানে তিনি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিবরণ তুলে ধরে বিচার দাবি করেন।

শফিকুল ইসলাম গাজী বলেন, আমি বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ করি। তারা যে টাকা দেয়, তা দিয়েই সংসার চালাই। এর মধ্যেও ইসমাইলকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে চাঁদা দিয়ে আসছি। এখন সে বিএনপির নাম ভাঙিয়ে ২০ হাজার টাকা করে চাঁদা চায়। দিতে অস্বীকার করায় হামলা চালিয়েছে, ভয়ভীতি দেখাচ্ছে। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। এটি টাকা-পয়সা নিয়ে একটি ঝামেলা। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। তদন্ত চলমান রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ