বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

ফুটবল খেলার সময় মাঠে লুটিয়ে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

ফুটবল খেলার সময় মাঠে লুটিয়ে পড়ে স্কুলছাত্রের মৃত্যু...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএমসর্বশেষ: ৯ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএম
ফুটবল খেলার সময় মাঠে লুটিয়ে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

কুমিল্লার হোমনায় ফুটবল খেলতে গিয়ে জিসান আহমেদ (১৪) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। খেলা চলাকালে হঠাৎ মাঠে লুটিয়ে পড়ে ওই শিক্ষার্থী।

সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

জিসান আহমেদ (১৪) হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর গ্রামের প্রবাসী জালাল হোসেনের ছেলে। তার স্থায়ী বাড়ি জয়পুর ইউনিয়নে হলেও পরিবারের সঙ্গে সে হোমনা পৌর এলাকায় বসবাস করত। সে একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর অংশ হিসেবে হোমনা পৌরসভা ও মাথাভাঙা ইউনিয়নের শিক্ষার্থীদের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলায় হোমনা পৌরসভার পক্ষে অংশ নেয় জিসান। খেলা চলাকালে হঠাৎ মাঠে লুটিয়ে পড়ে সে। পরে দ্রুত তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর হোমনা পৌরসভা ও মাথাভাঙা ইউনিয়নের মধ্যে খেলা চলাকালে অষ্টম শ্রেণির শিক্ষার্থী জিসান হঠাৎ মাঠে পড়ে যায়। ১০ মিনিট করে ২০ মিনিটের খেলা ছিল। প্রথম ১০ মিনিটের খেলায় ৫ মিনিটের মধ্যেই জিসান মাটিতে লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, জিসান বিদ্যালয়ের একজন ভালো খেলোয়াড় ছিল। জেলাপর্যায়ের বিভিন্ন ফুটবল প্রতিযোগিতায়ও সে অংশ নিয়েছে। তার এমন আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই শোকাহত।

হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ২টা ৪৫ মিনিটে জিসানকে হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক মো. সাইফুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, ফুটবল খেলতে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লার জেলা প্রশাসকের অনুমতিসাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

নিহত জিসানের বন্ধু ও একই বিদ্যালয়ের খেলোয়াড় শোয়াইব আহমেদ কান্নাজড়িত কণ্ঠে বলে- জিসান খুবই ভালো একটি ছেলে। সে খুব ভালো ফুটবল খেলত। আমরা একসঙ্গে অনেক খেলাধুলা করেছি। এখন তাকে ছাড়া কী করে যে মাঠে নামব বুঝতে পারছি না।

হাসপাতালে গড়াগড়ি করে কান্নায় ভেঙে পড়ে শোয়াইব আরও বলে, আমাকে অনেক সময় ফুটবলের পরামর্শ দিত। তার মতো এমন ভালো বন্ধু এখন আমি কোথায় পাব?

মাত্র ১৪ বছর বয়সে প্রতিভাবান এই শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়, সহপাঠী ও জয়পুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ