বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৯ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএমসর্বশেষ: ৯ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএম
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতার বিরুদ্ধে প্রবাসীর বাড়িতে হামলার অভিযোগ

লক্ষ্মীপুরের রায়পুরে এক প্রবাসীর বাড়িতে দুই দফায় হামলা ও বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। জমি-সংক্রান্ত বিরোধের জেরে পরিবারের সদস্যদের মারধর ও গাছপালা কেটে ফেলা হয়। এসব অভিযোগ উঠেছে কেন্দ্রীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মবিষয়ক উপকমিটির সদস্য জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে।

এ ঘটনায় ওই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে রায়পুর থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে। পাশাপাশি সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী প্রবাসী হাবিব।

অভিযোগকারী প্রবাসফেরত হাবিব কেরোয়া ইউপির উত্তর কেরোয়া (সাহাজী বাড়ি) এলাকার আবুল কালামের ছেলে। মামলার এজাহারে একই এলাকার কেন্দ্রীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন (৫৫), তার ছেলে মেহেদী (১৮) এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

লিখিত এজাহারে জানা যায়, ১৫ বছর ধরে প্রবাসী হাবিবদের জমি অন্যায়ভাবে নিজের বলে দাবি করে আসছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর হোসেন। তবে জমির মালিকানা দাবি করলেও তিনি কাগজপত্র দেখাতে পারেননি বলে অভিযোগ করেছেন প্রবাসফেরত হাবিব। গত ১৪ সেপ্টেম্বর ছুটিতে বাড়িতে আসার পর থেকে তাকে জমি-সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন জাহাঙ্গীর।

সংবাদ সম্মেলনে হাবিব অভিযোগ করেন, গত ৬ নভেম্বর শুক্রবার রাত ৮টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর দেশীয় অস্ত্রশস্ত্রসহ ২৫ থেকে ৩০ জন লোক নিয়ে তার বসতবাড়ির সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়। এ সময় পরিবারের সদস্য ও স্বজনরা এগিয়ে এলে তাদেরও এলোপাতাড়ি কিল-ঘুসি ও লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে হাবিবের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তিনি রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।

হাবিব আরও অভিযোগ করেন, গত শনিবার রাত ১১টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর পুনরায় প্রায় ২৫ জন লোক নিয়ে আমার বসতবাড়িতে হামলা চালান। এ সময় বসতঘরের পাঁচটি জানালার কাঁচ, বাথরুমের দেয়াল, সীমানা প্রাচীর ও ঘরের ছাদের কিছু অংশ ভাঙচুর করা হয়। বাগানের পেঁপেগাছ কেটে ফেলা হয়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।

হামলার সময় জাহাঙ্গীর পরিবারের সদস্যদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন। এমনকি ভবিষ্যতে জমি নিয়ে আইনি ব্যবস্থা নিলে আবারও মারধর করা হবে বলেও হুমকি দেন। হামলার সময় পুলিশ ঘটনাস্থলে এলে জাহাঙ্গীর দ্রুত পালিয়ে যান। জমি নিয়ে এমন বিরোধের জেরে প্রবাসীর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

অভিযোগের বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর বলেন, ১৪৪ ধারা ভঙ্গ করে হাবিব ও তার পরিবার বিতর্কিত জমিতে ভবন নির্মাণ করছিল। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়। আমি কোনো ভাঙচুর করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন হাবিব।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, প্রবাসী হাবিবের বাড়িতে রাতে হামলার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় লিখিত এজাহার পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ