বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
২৬শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

আন্তর্জাতিক পণ্য পরিবহনে সক্ষমতা বাড়াতে বিমানের নতুন পরিকল্পনা

আন্তর্জাতিক পণ্য পরিবহনে সক্ষমতা বাড়াতে বিমানের নতুন পরিকল্পনা...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ৮:৪১ পিএমসর্বশেষ: ১০ নভেম্বর ২০২৬, ৮:৪১ পিএম
আন্তর্জাতিক পণ্য পরিবহনে সক্ষমতা বাড়াতে বিমানের নতুন পরিকল্পনা

আকাশপথে আন্তর্জাতিক পণ্য পরিবহনের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে থাকা দুটি উড়োজাহাজকে সম্পূর্ণ পণ্যবাহী কার্গো উড়োজাহাজে রূপান্তরের পরিকল্পনা নিয়েছে সরকার।

এ উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের আন্তর্জাতিক কার্গো পরিবহন সক্ষমতা বাড়ার পাশাপাশি জাতীয় পতাকাবাহী সংস্থাটির রাজস্ব আয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে নিজ দপ্তরে আন্তর্জাতিক এভিয়েশন কোম্পানি ‘হাইবারি গ্রুপ’-এর একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম প্রোথেরো।

সাক্ষাৎকালে হাইবারি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক উইলিয়াম প্রোথেরো বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন খাতের উন্নয়ন ও সম্প্রসারণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে উড়োজাহাজ ইজারা (লিজ) দেওয়া এবং সেগুলোকে কার্গো উড়োজাহাজে রূপান্তরের বিষয়ে আগ্রহের কথা জানান তিনি। এ সময় উড়োজাহাজ সংগ্রহ, অর্থায়ন ও সম্পদ ব্যবস্থাপনায় তার প্রতিষ্ঠানের দীর্ঘদিনের বৈশ্বিক অভিজ্ঞতার বিষয়টিও তুলে ধরেন।

জবাবে মন্ত্রী জানান, হাইবারি গ্রুপের পক্ষ থেকে সুনির্দিষ্ট ও বাস্তবায়নযোগ্য কোনো বিনিয়োগ প্রস্তাব পাওয়া গেলে সরকার তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

পর্যটনমন্ত্রী বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে আধুনিকায়ন এবং আন্তর্জাতিক এভিয়েশন শিল্পে আরও শক্তিশালী ও লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার বহর সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।

তিনি আরও জানান, নতুন উড়োজাহাজ সরবরাহে দীর্ঘ সময়ের প্রয়োজন বিবেচনায় অন্তর্বর্তীকালীন চাহিদা মেটাতে লিজের মাধ্যমে উড়োজাহাজ সংগ্রহের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। তবে লিজ নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্তের আগে উড়োজাহাজের উড্ডয়নকাল (ফ্লাইং আওয়ার), রক্ষণাবেক্ষণের ইতিহাসসহ সব কারিগরি ও পরিচালনাগত সূচক পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাই করা হবে।

বৈঠকে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেন, এ ধরনের কৌশলগত সহযোগিতা বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের আধুনিকায়ন ও অগ্রগতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ