সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। আজ মঙ্গলবার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এই কথা বলেন।
এ সময় শফিকুর রহমান এবং চিফ হুইপ নাহিদ ইসলাম আইনশৃঙ্খলা রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তোলেন। তারা বলেন, বাস ভাঙচুর, সিআইডি সদর দপ্তর চত্বরে বোমা বিস্ফোরণ এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার প্রমাণ।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, ‘আমরা বিরোধী দল হিসেবে ব্যর্থতার কোনো দায়ও নিতে চাই না, আবার ব্যর্থ হতেও চাই না। সরকার যদি ব্যর্থ হয়, তাহলে বিরোধী দল তার দায়িত্ব পালন করবে। আমরাও বসে থাকব না।
দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, ‘এখানে স্পষ্টত আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল মন্ত্রণালয়কে আমরা অকার্যকর দেখতে পাচ্ছি। এখানে কোনো কার্যকারিতা ফুটে উঠছে না আমাদের সামনে।
তিনি আরও বলেন, ‘দেশের এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ-উদ্বেগ তৈরি হয়েছে, এর দায় সরকার এবং বিশেষভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এড়াবে কীভাবে? কোনো সুযোগ নেই এড়ানোর।
শফিকুর রহমান বলেন, তারা গভীর উদ্বেগ ও দুঃখের সঙ্গে লক্ষ করছেন যে গত কয়েক দিন ধরে সারা দেশে নাশকতা অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ‘আর্মি গলফ ক্লাবেও এখন ককটেল বিস্ফোরণ হচ্ছে। এসবির সদর দপ্তরের সামনে হচ্ছে। থানার গেটে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় পরপর তিন দিন হয়েছে। আজকে দুজন সেখানে আহত হয়েছেন।
পার্বত্য এলাকায় একজন তরুণ সেনাসদস্য তার জীবন হারিয়েছেন। এর সঙ্গে সাজেক ভ্যালির পরিস্থিতির কথা উল্লেখ করে বিরোধীদলীয় নেতা প্রশ্ন রাখেন, ‘এসবের শেষ কোথায়?
তিনি আরও অভিযোগ করেন, ‘গোপালগঞ্জে পুলিশের গাড়িতে দফায় দফায় আক্রমণ এবং আগুন জ্বালানো হচ্ছে। সরকারি দলের অফিসে হামলা, ভাঙচুর, লুট হচ্ছে। বিরোধী দলের কর্মীদের ওপর বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হামলা হচ্ছে।
আগে থেকেই এসব ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ‘আমরা ক্রমান্বয়ে পরিস্থিতির অবনতি লক্ষ করছি। কোনো উন্নতি আমাদের কাছে ধরা পড়ছে না। এতগুলো ঘটনা ঘটার পর কাকে কোথায় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করল, তার কোনো হদিস আমাদের কাছে নেই। তিন-চারজনকে জনগণ ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দিয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তো কোথাও কিছু করেনি।
তিনি গোয়েন্দা সংস্থাগুলোরও সমালোচনা করে বলেন, ‘গোয়েন্দা সংস্থার অফিসের সামনে গিয়ে ককটেল বিস্ফোরণ হচ্ছে। ওইটাই নিরাপদ নাই, সেই গোয়েন্দারা কী করে?
বিরোধীদলীয় নেতা বলেন, ‘ফ্যাসিস্ট আমলে আমরা নিষিদ্ধ ছিলাম না। আমাদের অফিস সিলগালা করা হয়েছে, নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু আমরা একটা বৈধ দল ছিলাম। সেখানে ঘর থেকে বের হতে পারিনি।
শফিকুর রহমান বলেন, তার দল বিরোধী দল হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালনে প্রতিশ্রুতিবদ্ধ। অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক সরকার ছিল না। কিন্তু যখনই জাতীয় কোনো সংকট দেখা দিয়েছে, সবাইকে তারা ইনভাইট (আমন্ত্রণ) করেছে, সবাই সেখানে সম্পৃক্ত হয়েছে, কমন একটা মেসেজ (সবার জন্য একই বার্তা) গিয়েছে। মেসেজ যাওয়ার পরে জাতি উপকৃত হয়েছে।
তিনি বলেন, ‘এ ব্যাপারেও আজ পর্যন্ত আমরা কোনো কিছু দেখছি না। ঠিক আছে, একাই করেন। তবে করেন, আমরা সেটা চাই। আর যদি বিরোধী দলের ভূমিকার প্রয়োজন হয়, সেটা বলবেন তো? সেটা বলা হচ্ছে না।
এর আগে চিফ হুইপ নাহিদ ইসলাম পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু করেন। তিনি বলেন, গত দুই দিনে দেশ ‘নজিরবিহীন সন্ত্রাস, অরাজকতা এবং নাশকতা’র সাক্ষী হয়েছে।
তিনি অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমর্থকেরা দেশের বিভিন্ন স্থানে গোপন হামলা চালাচ্ছে।
তিনি বলেন, ‘বাসে আগুন দেওয়া হচ্ছে, একজনের মারা যাওয়ার খবর আমরা শুনতে পেয়েছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, জাতীয় ছাত্র শক্তির সভাপতি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলাম, তাকে মৌলভীবাজারে গুপ্ত হামলা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ হয়েছে, বিএনপির অফিস ভাঙচুর হয়েছে।
নাহিদ ইসলাম বলেন, ‘দেশের এই যে পরিস্থিতি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মোকাবিলায় সরকার যে ব্যর্থ, এটা কিন্তু গত সাত মাস ধরে আমরা বলে আসছিলাম, বিশেষত স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ব্যর্থ।
তিনি আরও বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা সংবিধান সংশোধনে যতটা তৎপর দেখি, দেশের আইনশৃঙ্খলা নিশ্চিতিতে কিন্তু ততটা তৎপর আমরা দেখি না। এর ফলে ফ্যাসিস্ট আওয়ামী লীগের এমপি দেশে এসে প্রোগ্রাম করে আবার বিদেশে চলে যাচ্ছে।






