রাজধানীর খিলক্ষেত এলাকায় তেলবাহী লরির ধাক্কায় এক যুবক এবং গাবতলীতে বাসের ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন।
আজ বুধবার সকালে খিলক্ষেত পুলিশ বক্সের পাশে ও বাস টার্মিনালের বিপরীত পাশের লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম তাউসিফ (২৮)। তবে দুই নারীর পরিচয় জানতে পারেনি পুলিশ।
দুর্ঘটনার সময় তাউসিফ ভাড়ায় চালিত মোটরসাইলে ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাইডার মো. সেলিম জানান, তিনি বিমানবন্দর এলাকা থেকে তাউসিফকে নিয়ে হাতিরপুল যাচ্ছিলেন।
‘খিলক্ষেত পুলিশ বক্সের সামনে পৌঁছালে তেলবাহী একটি লরি পেছন থেকে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় তাউসিফ ছিটকে পড়েন। তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন,’ বলেন সেলিম।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, তাউসিফের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার কাচিঝুলি গ্রামে। তার বাবার নাম কামরুল ইসলাম। তিনি ক্যান্টনমেন্ট এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন এবং হাতিরপুলে মোতালেব প্লাজায় একটি দোকানে কাজ করতেন।
‘ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি খিলক্ষেত থানা পুলিশ তদন্ত করছে,’ বলেন তিনি।
গাবতলী বাস টার্মিনালের বিপরীত পাশের লেনে সকাল সাড়ে ১০টার দিকে বাসের ধাক্কায় দুই নারী নিহত ও এক ব্যক্তি আহত হন।
দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, বগুড়া থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা চাঁদনী পরিবহনের বাসটি তিন পথচারীকে ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, বাসের ধাক্কায় ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। উপস্থিত লোকজন আহত ব্যক্তিকে হাসপাতালে নেয়।
‘পুলিশ নিহত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে,’ বলেন তিনি।
দুলাল আরও জানান, পুলিশ বাসটি জব্দ করেছে, চালক সাইফুল ইসলামকেও আটক করা হয়েছে।






