রাজধানীর মহাখালীতে ‘দূরবীন বাংলা’ রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুর চালিয়েছে একদল যুবক। এ সময় হামলাকারীদের সঙ্গে রেস্তোরাঁর কর্মীদের সংঘর্ষ হয়।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে সরকারি তিতুমীর কলেজের কাছে আমতলীতে অবস্থিত রেস্তোরাঁটিতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাহউদ্দিন সাংবাদিকদের বলেন, রেস্তোরাঁটিতে খাবার নিতে গ্রাহকদের সিরিয়ালে দাঁড়াতে হয়। একদল যুবক এই নিয়ম মানতে চায়নি। এ নিয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষের সঙ্গে তাদের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।
তিনি বলেন, হামলাকারীদের এখনো শনাক্ত করা যায়নি। এ ঘটনায় মামলা হলে জড়িতদের পরিচয় জানা যাবে।
তবে পুলিশের একটি সূত্রসংবাদমাধ্যমকে জানায়, তিতুমীর কলেজের একদল শিক্ষার্থী দুপুরের খাবার খেতে রেস্তোরাঁটিতে গিয়েছিলেন। তারা সিরিয়ালে দাঁড়াতে রাজি না হওয়ায় সংঘর্ষের সূত্রপাত হয়।
সূত্রটি আরও জানায়, শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সুসম্পর্ক থাকায় পরে স্থানীয় কয়েকজনের পাশাপাশি কড়াইল ও সাততলা বস্তির কিছু লোক ঘটনাস্থলে জড়ো হয়। এরপর তারা রেস্তোরাঁটিতে ভাঙচুর চালায়।
এ বিষয়ে দূরবীন বাংলা রেস্তোরাঁর মালিক সাফিন বেগ সাংবাদিকদের বলেন, একটি আসন খালি হওয়ার পর এক তরুণ সেখানে বসে পড়েন। কিন্তু ওই আসনের জন্য একটি পরিবার আগে থেকেই লাইনে অপেক্ষা করছিল। এ নিয়ে ঘটনার সূত্রপাত হয়।
তিনি বলেন, ওই তরুণের সঙ্গে পরিবারের সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রেস্তোরাঁর এককর্মী বিষয়টি মীমাংসার জন্য এগিয়ে যান। তাকে অন্য একটি আসনের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে তিনি ক্ষুব্ধ হয়ে রেস্তোরাঁ থেকে বেরিয়ে যান।
সাফিন বেগ বলেন, কিছুক্ষণ পর ওই তরুণ আরও কয়েকজনকে নিয়ে আসেন। প্রথমে তারা রেস্তোরাঁর বাইরে আমাদের কর্মী খলিলকে বেধড়ক মারধর করে। এরপর ভাঙচুর শুরু করে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, উত্তেজিত একদল যুবক হঠাৎ রেস্তোরাঁয় ঢুকে চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাব ছুড়ে ফেলে ভাঙচুর করছে।
হামলার পর রেস্তোরাঁটি বন্ধ রাখা হয়।
পরে গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) রুহুল কবির খানসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
ডিসি রুহুল কবির বলেন, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের কাছে ঘটনার ভিডিও ফুটেজ রয়েছে। সেগুলো দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
তিনি দ্রুত রেস্তোরাঁটি আবার চালু করার পরামর্শ দেন। বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে পুলিশ মোতায়েন থাকবে।






