দেশের বস্ত্র ও পোশাকশিল্পে উৎপাদন, প্রযুক্তি, পণ্য উন্নয়ন ও পরিবেশবান্ধব উদ্যোগে অবদান রাখায় ১৮টি প্রতিষ্ঠানকে টেক্সটাইল ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২৬ দেওয়া হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত অনুষ্ঠানে এসব পুরস্কার দেওয়া হয়।
টেক্সটাইল ইনোভেশন এক্সচেঞ্জের (টিআইই) উদ্যোগে এবং ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টসের (আইটিইটি) সহযোগিতায় এ পুরস্কার দেওয়া হয়। আয়োজনে সহযোগী ছিল বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ও বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশন (বিজিবিএ)।
এবার সাতটি বিভাগে প্রতিষ্ঠানগুলোকে পুরস্কার দেওয়া হয়েছে। মূল্যায়নে ৮০-এর বেশি নম্বর পাওয়া প্রতিষ্ঠানগুলো পেয়েছে প্লাটিনাম এবং ৭০ থেকে ৮০ নম্বর পাওয়া প্রতিষ্ঠানগুলো পেয়েছে ডায়মন্ড অ্যাওয়ার্ড। মোট ৯টি প্রতিষ্ঠান প্লাটিনাম ও ৯টি প্রতিষ্ঠান ডায়মন্ড পুরস্কার অর্জন করেছে।
উৎপাদন উদ্ভাবন বিভাগে প্লাটিনাম পুরস্কার পেয়েছে ডিবিএল গ্রুপ। এ বিভাগে ডায়মন্ড পুরস্কার পেয়েছে আর্গন ডেনিম, মডার্ন সিন্টেক্স ও করতোয়া গ্রিন স্পিনিং মিলস। প্রক্রিয়াগত উদ্ভাবন বিভাগে প্লাটিনাম পেয়েছে হ্যামস গার্মেন্টস, প্যারাডাইস ওয়াশিং প্ল্যান্ট ও নাজ বাংলাদেশ। ডায়মন্ড পেয়েছে এসেনশিয়াল ক্লথিং ও আরিয়ান নিট কম্পোজিট।
প্রযুক্তিগত উদ্ভাবন বিভাগে পণ্য শনাক্তকরণ ব্যবস্থায় (ট্রেসেবিলিটি) উদ্ভাবনের জন্য প্লাটিনাম পেয়েছে মন্ট্রিমস লিমিটেড। পণ্য উন্নয়ন বিভাগে প্লাটিনাম পেয়েছে সালমা গ্রুপ। ডায়মন্ড পেয়েছে হুরাইন এইচটিএফ, আমানত শাহ ফেব্রিকস, ড্রাগন সোয়েটার বাংলাদেশ ও এম. রহমান কুইল্টিং অ্যান্ড প্যাডিং।
পরিবেশগত টেকসই উন্নয়ন বিভাগে প্লাটিনাম পেয়েছে পলমল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ ও এনভয় টেক্সটাইল। মানবসম্পদ ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন বিভাগে উদ্ভাবন ব্যবস্থাপনা পদ্ধতির জন্য প্লাটিনাম পেয়েছে মাসকো গ্রুপ।
বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী আইয়ুব নবী খানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলী, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মো. জুলহাস উদ্দিন ও বিকেএমইএর সহসভাপতি প্রকৌশলী মো. শামসুজ্জামান।
আয়োজকরা জানায়, কারখানা পর্যায়ে সফল উদ্ভাবন ও কার্যকর সমাধানগুলো অন্য প্রতিষ্ঠানের কাছে তুলে ধরাই এ পুরস্কারের লক্ষ্য। এর মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো, সম্পদের দক্ষ ব্যবহার এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থা গড়ে তুলতে শিল্পপ্রতিষ্ঠানগুলো উৎসাহিত হবে।






