মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু পোলিং এজেন্টদের উদ্দেশে বলেছেন, ‘আপনাদের পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকব। নির্বাচনী প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ।
শুক্রবার (১৩ নভেম্বর) টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে আয়োজিত পোলিং এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে দায়িত্ব পালন করা পোলিং এজেন্টদের সম্মানে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নির্বাচনের দিন যাদের ওপর তিনি দায়িত্ব দিয়ে নির্ভর করেছিলেন, তারা সর্বোচ্চ বিশ্বস্ততার সঙ্গে সকাল থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ভোটের দিন দায়িত্ব পালনকারীদের সঙ্গে মতবিনিময়ের উদ্দেশ্যেই এ আয়োজন করা হয়েছে।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে দেশের মানুষের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছিল। গত নির্বাচনে পোলিং এজেন্টদের সাহস, ধৈর্য ও ত্যাগের মাধ্যমে জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে ভূমিকা রাখা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
টাঙ্গাইলের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলকে আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব ‘গ্রিন টাঙ্গাইল’ হিসেবে গড়ে তুলতে কাজ করা হচ্ছে। একই সঙ্গে মাদক ও কিশোর গ্যাংমুক্ত নিরাপদ সমাজ গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, যুবসমাজকে বিপথগামিতা থেকে দূরে রাখতে টাঙ্গাইলকে ‘খেলার শহর’ হিসেবে গড়ে তোলার কাজ এগিয়ে চলছে। পাশাপাশি একটি আলোকিত প্রজন্ম গড়তে ‘শিক্ষা নগরী’ হিসেবে টাঙ্গাইলকে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
দলীয় নেতাকর্মী ও পোলিং এজেন্টদের উদ্দেশে তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকে সাধারণ মানুষের যেসব সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরা হয়েছে, সেগুলো তিনি লিপিবদ্ধ করেছেন। এসব বিষয় আগামী দিনের উন্নয়ন পরিকল্পনায় যুক্ত করার আশ্বাস দেন তিনি।
টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজ উদ্দিন বিপ্লব সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন ও সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু।
এ ছাড়া জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আলী ইমাম তপন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহমেদুল হক শাতিল, সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান লিটন, দেওয়ান শফিকুল ইসলাম, অমল ব্যানার্জী, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক ও আশরাফ পাহেলী বক্তব্য দেন।
মতবিনিময় সভায় টাঙ্গাইল শহর ও সদর উপজেলার ১২টি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রের পোলিং এজেন্টরা তাঁদের নির্বাচনকালীন অভিজ্ঞতা তুলে ধরেন। এ সময় তাঁরা তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথাও জানান। প্রতিমন্ত্রী এসব তথ্য নোট করেন এবং অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা সমাধানের আশ্বাস দেন।
সভায় টাঙ্গাইল শহর ও সদর উপজেলার ১২টি ইউনিয়নের বিএনপি, যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মী এবং পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালনকারী দুই সহস্রাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।






