গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৪৮৩ জনের মৃত্যু হলো। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৫৫ জন।
শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এর মধ্যে অক্টোবরেই মারা গেছেন ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে বলা হয়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ২৫৫ জন ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৮ হাজার ৮৮৩ জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৫২ হাজার ৪৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে ৪৩৪ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৬৭ জন, খুলনায় ১৬০ জন, বরিশালে ১৪৭ জন, রাজশাহীতে ৮৯ জন, ময়মনসিংহে ৭৬ জন, রংপুরে ৭৬ জন এবং সিলেট বিভাগে ৬ জন রোগী ভর্তি হয়েছে।






