Home Blog Page 40

বাবুগঞ্জে যুবদলের অনুকরণীয় কর্মসূচিঃ সর্বমহলে প্রশংসা

রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠন এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে বরিশালের বাবুগঞ্জে বিভিন্ন অনন্য কর্মসূচি হাতে নিয়েছে জাতীয়তাবাদী যুবদল। তৃণমূল পর্যায়ে উপজেলার ৬ ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ, লিফলেট বিতরণ, ভাষণ প্রচার, কর্মশালা ও জনসমাবেশ কার্যক্রম শুরু করেছে তারা। ওয়ার্ডভিত্তিক বিভিন্ন দলে ভাগ হয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বোঝানো হচ্ছে ৩১ দফার সুফল। একইসাথে ধানের শীষের পক্ষে করা হচ্ছে ভোট প্রার্থনা। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মশালা ও জনসমাবেশের আয়োজন করা হচ্ছে। একইসাথে হাট-বাজারে গিয়ে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় প্রচার করা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ এবং সাক্ষাৎকার। বাবুগঞ্জ উপজেলা যুবদলের সংগ্রামী আহবায়ক রাকিবুল হাসান খান রাকিবের নেতৃত্বে চলছে যুবদলের এসব অনন্য কর্মযজ্ঞ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাবুগঞ্জে যুবদলের এসব গণমুখী কার্যক্রমে ইতোমধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। যুবদলের পাশাপাশি এই গণসংযোগ কার্যক্রমে সম্পৃক্ত হচ্ছেন বিএনপি এবং ছাত্রদলসহ সহযোগী সংগঠনগুলো। স্থানীয় সচেতন মহল এবং রাজনৈতিক বিশ্লেষকরা এ ঘটনাকে ইতিবাচক রাজনৈতিক পরিবর্তন হিসেবেই দেখছেন। যুবদলের এই সাংগঠনিক কার্যক্রমকে ঐতিহাসিক এবং অনুকরণীয় বলেও আখ্যা দিয়েছেন কেউ কেউ। গত ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ১৫ দিনব্যাপী এসব বর্ণাঢ্য গণমুখী কার্যক্রম শুরু করেছে যুবদল। ইতোমধ্যে উপজেলার জাহাঙ্গীরনগর, কেদারপুর, দেহেরগতি ও চাঁদপাশা ইউনিয়নে আগাম নির্বাচনী প্রচারণার কৌশল হিসেবে কর্মশালা, জনসমাবেশ এবং প্রত্যেক ওয়ার্ডে স্থানীয় যুবদল নেতাকর্মীদের দিয়ে যুব টিম বানিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট এলাকার জনগণের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। এ ঘটনাকে ইতিবাচক রাজনৈতিক পরিবর্তন হিসেবেই দেখছেন সাধারণ মানুষসহ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

দেহেরগতি গ্রামের কৃষক ফজলুর রহমানের সাথে কথা হয় এই প্রতিবেদকের। তিনি বেশ উৎফুল্ল হয়ে জানান, তারেক রহমানের ৩১ দফা সম্বলিত লিফলেট তার হাতে তুলে দিয়ে গেছেন যুবদল আহবায়ক রাকিবুল হাসান খান রাকিবসহ যুবদল নেতাকর্মীরা। লিফলেট পড়ে ভালো লাগলে এবং এই দাবিগুলোর সাথে একমত হলে তা বাস্তবায়নের জন্য ধানের শীষে ভোট চেয়েছেন তারা। যুবদলের এই আচরণ তাকে মুগ্ধ করেছে। ফজলুর রহমান আরো জানান, তিনি কোনো রাজনৈতিক দল সমর্থন করেন না। গত ৩টি নির্বাচনে তিনি ভোট দিতে যাননি। তার মতে সেগুলো ছিল সাজানো নির্বাচন। তাই বদলা কামাই দিয়ে তিনি ভোট দিতে যাননি। তবে এবার তিনি ভোট দিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, তার হাতে দেওয়া লিফলেটে যা লেখা সেগুলো বাস্তবায়ন হওয়া দেশের জন্য খুবই দরকার বলে তিনি মনে করেন। এগুলো বাস্তবায়ন হলে দেশ সোনার দেশ হবে বলেও মন্তব্য করেন তিনি। তাই তারেক রহমানের ৩১ দফার লিফলেটটি তিনি সযতনে রেখে দিয়েছেন বলে জানিয়েছেন।

চাঁদপাশা এলাকার সবজি বিক্রেতা ষাটোর্ধ মজিবর হাওলাদারের বক্তব্যও অনেকটা অভিন্ন। নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এই প্রতিবেদকের কাছে খোলামেলা বলেন, ‘কাকু আমরা গরীব মানুষ। রাজনীতি করি না, পেটনীতি করি। একটা ভোট আছে যারে দিলে দ্যাশের জন্য ভালো হইবে তারেই দিমু। জিয়ার পোলাডা দ্যাশে আইতে পারে না বহুত বৎসর। বিদ্যাশে বইয়া সে দ্যাশের কতা ভাবে। ভাবনাচিন্তা কইরা সে যা ল্যাকছে এইগুলা সঠিক। লিফলেটের এগুলা করতে পারলে দ্যাশ উন্নত হইবে। মানুষ ভালো থাকবে। তাই তারেই ভোটটা দিমু। আমি আপনেগো মতোন বেশি লেহাপড়া না জানলেও পাকিস্তান আমলে মেট্রিক পর্যন্ত পড়ছি। দ্যাশের ভালোমন্দ কিছু হইলেও বুঝি।’

আগরপুর এলাকার ভ্যানচালক ইউনূস ক্ষোভের সাথে বলেন, ‘আওয়ামী লীগের আমলে মোগো কেউ পাত্তা দিতো না। নেতাগো ভ্যানে টানছি হেই ভাড়াও পাই নাই। চাইতে গ্যালে চোখ গরম দিয়া কইতো যা পরে নিস। ভোট দিতে যাইয়া হুনি তারা কয়- তোর ভোট দেওয়া লাগবে না। ভোট হইয়া গ্যাছে, বাড়ি যা। এবার নির্বাচনের আগেই তো যুবদলের পোলাপান বাড়ি আইছে। আইয়া সুন্দরভাবে বুঝাইয়া একখান কাগজ দিয়া গ্যাছে। ধানের শীষে ভোট চাইয়া গ্যাছে। আগে তো মোগো কেউ জিগাইতো না। বাড়ি আইয়া কইতো অমুক মেয়ারে ভোট না দিলে এলাকায় থাকতে পারবা না। যুবদলের পোলাপানের ব্যবহার দেইখ্যা ভালো লাকছে। মোর বউও কইছে এইবার ভোট দিতে যাইবে।’

নাম প্রকাশে অনিচ্ছুক মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, ‘উন্নয়ন এবং মুক্তিযুদ্ধের কথা চিন্তা করে আমি আওয়ামী লীগের একজন মৌন সমর্থক ছিলাম। কিন্তু ২০১৮ সালে রাতের ভোট আর ২০২৪ সালে বিনা ভোটে জোর করে ক্ষমতায় থাকার জন্য ছাত্র-জনতার আন্দোলনে যেভাবে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করা হয়েছে সেটা কোনো সুস্থ মানুষ সমর্থন করতে পারে না। এই দেশ কারো বাপের একার সম্পত্তি না। কারো বাপের বাড়ির জমিদারি বেঁচা টাকা দিয়ে এই দেশের উন্নয়ন হয় নাই। জনগণের ট্যাক্সের টাকা সঠিক খাতে খরচ করে দেশ ও জাতির উন্নয়ন করাই সরকারের দায়িত্ব। এজন্যই তাদের আমরা ভোট দিয়ে ক্ষমতায় বসাই। কিন্তু ক্ষমতায় গিয়ে জনগণের কথা ভুলে নিজেদের তারা দেশের মালিক ভাবতে শুরু করে। তারেক রহমানের ৩১ দফা যেন শুধু নির্বাচনী ওয়াদার মধ্যেই সীমাবদ্ধ না থাকে। জুলাই সনদ আজো বাস্তবায়িত হয়নি। আগামীতে বিএনপি ক্ষমতায় এলে যদি সত্যিই ৩১ দফা বাস্তবায়ন করে তাহলে এদেশে সত্যিকারের গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠা হবে বলে আমি মনে করি।’

বাবুগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রাফিল বলেন, ‘বাবুগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ আছি। আমরা জিয়ার সৈনিক হিসেবে ধানের শীষের পক্ষে কাজ করছি। ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সাংগঠনিক দায়িত্বে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। আমরা তখন তার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলাম। ২০১৮ সাল থেকে আমাদের এই অঞ্চলে দলের সাংগঠনিক দায়িত্ব পালন করছেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। দল যাকে ধানের শীষ প্রতীক দেবে আমরা তার পক্ষেই কাজ করবো। তবে বর্তমান সাংগঠনিক নেতাই মনোনয়ন পাবেন বলে আমরা শতভাগ আশাবাদী। তাকে বিজয়ী করে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করতে বাড়ি বাড়ি যাচ্ছি। মানুষকে বুঝিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করছি। মানুষের মাঝে স্বতঃস্ফূর্ত সাড়া দেখেছি আমরা।’

জাতীয়তাবাদী যুবদলের বাবুগঞ্জ উপজেলা শাখার আহবায়ক রাকিবুল হাসান খান রাকিব যুবদলের এই অনন্য কর্মসূচি সম্পর্কে বলেন, ‘আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্রের পূর্নাঙ্গ একটি বিধান। সকল মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন এই ৩১ দফায় রয়েছে। এগুলো বাস্তবায়ন হলে দেশে কোনো বৈষম্য থাকবে না। সকল শ্রেণিপেশার মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। তাই গণমানুষের মুক্তির সনদ এই ৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বাবুগঞ্জ উপজেলার ৬ ইউনিয়নের ৫৪টি ওয়ার্ডসহ গ্রাম পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি আমরা। জনগনের সাথে সরাসরি সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছি। বাড়ি বাড়ি গিয়ে তাদের অভাব, অভিযোগ, সমস্যার কথা শুনে সেগুলো সাধ্যমতো সমাধানের চেষ্টা করছি। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করে তাদের সমর্থন নিতে বলেছেন তিনি। ধানের শীষের পক্ষে জনমত গঠনে কাজ করতে বলেছেন। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে বাবুগঞ্জ উপজেলা যুবদল সেভাবেই কাজ করে যাচ্ছে। আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই। যাতে আমাদের দেখাদেখি অন্যরাও ইতিবাচক ভালো কাজে উৎসাহিত হয়ে অবদান রাখেন।’ #

মেঘনা নদীতে মা ইলিশ রক্ষা অভিযানে জেলেদের হামলা, আহত ১০ – আটক ২৭

0

ভোলা প্রতিনিধি:

ভোলা ও বরিশালের সীমান্তবর্তী মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে পরিচালিত অভিযানে হামলা চালিয়েছে একদল জেলে। এতে মৎস্য কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি), এসিল্যান্ড, কোস্টগার্ড সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে গুরুতর অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে ভোলার চরসীমানা এলাকায় এ ঘটনা ঘটে।

মৎস্য বিভাগ জানায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে কোস্টগার্ড ও পুলিশের সহায়তায় নদীতে অভিযানে নামেন মৎস্য কর্মকর্তারা। তারা বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলায় অভিযান শেষ করে ভোলার চরসীমানা এলাকায় পৌঁছালে অতর্কিতভাবে জেলেরা ইট ও লাঠি নিয়ে হামলা চালায়। এতে স্পিডবোট চালক জহিরুল, এনডিসি তানজিবুল ইসলাম, মৎস্য প্রকল্প কর্মকর্তা নাছির উদ্দিন, ভোলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসানসহ অন্তত ১০ জন আহত হন।

অভিযান চলাকালে ২৭ জন জেলেকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ঘটনায় ভোলা ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ বলেন, “অভিযান পরিচালনাকারীদের ওপর হামলার বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে হিজলা ও মেহেন্দিগঞ্জ মৎস্য কর্মকর্তারা আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছেন।”

উল্লেখ্য, চলমান মা ইলিশ রক্ষা কর্মসূচির আওতায় ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত দেশের প্রধান নদ-নদীতে ইলিশ ধরা, বিক্রি ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

গৌরনদীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন

0
  • কালেরধারা নিউজ ডেস্কঃ
    সারা দেশের সঙ্গে একযোগে বরিশালের গৌরনদী উপজেলায় “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার মাহিলাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যকর্মী, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে দিনব্যাপী এই ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হয়।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫৭,০০০ শিশুকে টাইফয়েড টিকা প্রদান করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, “টাইফয়েড একটি প্রতিরোধযোগ্য রোগ। টিকার মাধ্যমে আমাদের শিশুরা নিরাপদ থাকবে—এটাই আমাদের মূল লক্ষ্য।”

এ কর্মসূচির মাধ্যমে শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা প্রদান এবং একটি সুস্থ, সবল ও রোগমুক্ত প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়েই এগিয়ে চলছে স্বাস্থ্য বিভাগ।

সন্দ্বীপে শুরু হলো টাইফয়েড টিকাদান কার্যক্রম: টিকা পাবে ৮০ হাজারের বেশি শিশু-কিশোর

সন্দীপ প্রতিনিধিঃ
১২ অক্টোবর ২০২৫ সন্দ্বীপে শুরু হয়েছে মাসব্যাপী টাইফয়েড টিকাদান কার্যক্রম। বাংলাদেশ সরকারের সম্প্রসারণ টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কমবয়সী শিশু ও কিশোরদের টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) প্রদান করা হচ্ছে। রোববার (১২ অক্টোবর) থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।

টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষা দিতে সরকারের এই উদ্যোগের অংশ হিসেবে সন্দ্বীপ উপজেলায় প্রায় ৮০ হাজার ৩০৩ জন শিশু-কিশোরকে টিকার আওতায় আনার লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে উপজেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩ হাজার ২৩৮ জন শিক্ষার্থীকে এই টিকা প্রদান করা হয়েছে।

টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয় গাছুয়া ঘাট মাঝিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মানস বিশ্বাস, চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের প্রতিনিধি ডা. শ্রাবণী বড়ুয়া, ডা. এস এম মোহাম্মদ উল্লাহ মিজান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোস্তফা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত এমটি (ইপিআই) মুনসুর আলম, এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক রুবেল হুসাইন।

ডা. মানস বিশ্বাস জানান, “টাইফয়েড প্রতিরোধে এই টিকা ৯৫ শতাংশের বেশি কার্যকর। এক ডোজের এই ইনজেকশন ৩ থেকে ৭ বছর পর্যন্ত সুরক্ষা দেয়। সন্দ্বীপ উপজেলায় এখন পর্যন্ত ৪৪ হাজার ৮৩১ জন শিশুর নাম নিবন্ধন করা হয়েছে। পর্যায়ক্রমে সব শিশুকে এই টিকার আওতায় আনা হবে।”

তিনি আরও জানান, প্রথম ধাপে ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত উপজেলার সব স্কুল ও মাদ্রাসায় শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। এরপর ১ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত কমিউনিটি ক্লিনিক ও ইপিআই কেন্দ্রে বাকি শিশুদের টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, এই উদ্যোগ সন্দ্বীপসহ দেশের অন্যান্য এলাকায় শিশুদের টাইফয়েড জ্বরের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করবে।

দফা দাবিতে ঝিনাইদহে জামায়াতের র‌্যালি ও স্মারকলিপি পেশ

0

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:

জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে র‌্যালি ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখা।

রোববার (১২ অক্টোবর) সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে জেলা জামায়াতের পক্ষ থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে তাদের দাবি-সংবলিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর পেশ করেন।

এর আগে শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মো. আবু বকর, নায়েবে আমির আব্দুল আলিম, সেক্রেটারি অধ্যাপক আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি কাজী সগির আহম্মদ, কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর মতিয়ার রহমান, বাইতুল মাল সম্পাদক তাজুল ইসলাম, সদর শাখার আমির ড. হাবিবুর রহমান, শহর শাখার আমির অ্যাড. ইসমাইল হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন করে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান। সেই সঙ্গে জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা এবং ফ্যাসিস্ট সরকারের গণহত্যা ও দুর্নীতির দৃশ্যমান বিচারের দাবি জানান।

আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

0

কালের ধারা নিউজ ডেস্কঃ

বরিশালের গৌরনদীতে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটি উপলক্ষে এসডিডিবি কারিতাস বরিশাল অঞ্চলের উদ্যোগে সোমবার (৭ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র‍্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে কারিতাসের নিজস্ব কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে কারিতাস হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, প্রবীণ ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা সুধীর কুমার দাস ও সাহেব আলী, উপজেলা সমাজসেবা অফিসের প্রতিনিধি শরিফুল ইসলাম, কারিতাস কর্মকর্তা সুনীল চন্দ্র মল্লিক ও মিস্টার পল রায় প্রমুখ।

বক্তারা বলেন, প্রবীণরা আমাদের সমাজের অভিজ্ঞতার ভাণ্ডার ও প্রজন্মের পথপ্রদর্শক। তাঁদের সম্মান ও অধিকার নিশ্চিত করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। আলোচনা শেষে প্রবীণদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে স্থানীয় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, প্রবীণ ও তরুণ প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সাংবাদিক পরিষদের দপ্তর সম্পাদক জসিম

0

বরিশাল, ১১ অক্টোবর ২০২৫:
বরিশাল বিভাগীয় সাংবাদিক পরিষদের দপ্তর সম্পাদক পদে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন গৌরনদীর সাংবাদিক জসিম উদ্দিন।

জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে পেশাদার সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠতার মাধ্যমে সংবাদ পরিবেশনে বিশেষ সুনাম অর্জন করেছেন। তাঁর নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যরা।

এদিকে, তাঁর এই নির্বাচনে গৌরনদী অনলাইন প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সেনা কর্মকর্তাদের গ্রেফতার ইস্যুতে সরব ‘আপ বাংলাদেশ’

নিজস্ব প্রতিবেদকঃ রাজনীতির মাঠে নতুন করে সক্রিয় হয়ে উঠেছে প্রেশার গ্রুপ ‘UP Bangladesh (আপ বাংলাদেশ)’। সংগঠনটি দাবি করছে, “জুলাইয়ের আন্দোলনের চেতনা এখনো বেঁচে আছে”, এবং অন্যায়ের বিরুদ্ধে সর্বদা সোচ্চার থাকবে তারা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, “যখনই ন্যায়, নীতি ও ইনসাফের সঙ্গে প্রতারণা হবে, তখনই আমরা জেগে উঠব।” বর্তমানে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের রাজনৈতিক বিশ্লেষক ও অ্যাক্টিভিস্টরা ‘আপ বাংলাদেশ’-এর কার্যক্রম নিয়ে আলোচনা করছেন বলেও সংগঠনটির দাবি।

ওয়ারেন্টভুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেফতার ও “সেইফ এক্সিট” ইস্যুতে সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া ও রাজপথে সবচেয়ে সরব ছিল ‘আপ বাংলাদেশ’। সংগঠনটি জানিয়েছে, তাদের লক্ষ্য সংখ্যার চেয়ে কার্যকারিতা ও প্রভাব বজায় রাখা।

এক বিবৃতিতে ‘আপ বাংলাদেশ’ বলেছে, “বাংলাদেশ সেনাবাহিনী আমাদের হৃদয়ে শীতল হাওয়া দান করেছে। সেনা হেফাজত থেকে আটক কর্মকর্তাদের অবিলম্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হস্তান্তরের দাবি জানাই।”

এর আগে সংগঠনটি উত্তরায় মামুন নামের এক নেতাকর্মীর গুমের প্রতিবাদে মানববন্ধন, শাহবাগে বিক্ষোভ, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ও “জুলাই ঘোষণাপত্র” বাস্তবায়নের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

‘আপ বাংলাদেশ’-এর পক্ষ থেকে বলা হয়, “এই প্রচেষ্টা জনগণের কাছে পৌঁছানোর এবং জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য। সমালোচনা বা আপত্তি আমাদের দমাতে পারবে না। ন্যায়, নীতি ও ইনসাফের রাজনীতি করতেই আমরা এসেছি।”

সংগঠনটি স্বল্প সময়ের নোটিশে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া দেশজুড়ে বিপ্লবী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

শেষে সংগঠনটির পক্ষ থেকে স্লোগান দেওয়া হয় —
“আপ বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।”

সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত

0

পটুয়াখালী র‍্যাবের গাড়ির সাথে বাসের সংঘর্ষে নিহত ৩ আহত ২

সড়ক দু/র্ঘ/ট/নায় কুয়াকাটা থেকে ছেড়ে আসা ধানসিঁড়ি গাড়ি এবং বরিশাল দিক থেকে আসা র‍্যাবের গাড়ির সাথে মুখামুখি সং/ঘ/র্ষের ঘটেছে।

এতে ঘটনাস্থলে ৩ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ২ জন।

১১ অক্টোবর শনিবার দুপুরে পটুয়াখালী সদর উপজেলার পক্ষিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

প্রেসিডেন্ট পদকে ভূষিত গৌরনদী ফায়ার সার্ভিসের বিপুল

0

কলেরধারা অনলাইন নিউজ ডেস্কঃ

বরিশালের গৌরনদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন এ বছর পেয়েছেন ‘প্রেসিডেন্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পদক’। দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও দুর্যোগ ব্যবস্থাপনায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

সম্প্রতি ঢাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বার্ষিক সম্মাননা অনুষ্ঠানে রাষ্ট্রপতির পক্ষ থেকে পদকটি তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, ফায়ার সার্ভিসের মহাপরিচালকসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

মো. বিপুল হোসেন দীর্ঘদিন ধরে দক্ষিণাঞ্চলের বিভিন্ন দুর্যোগ ও অগ্নিকাণ্ড মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্বে গৌরনদী ফায়ার স্টেশনের সদস্যরা বিভিন্ন দুর্ঘটনায় দ্রুত সাড়া দিয়ে বহু মানুষের জীবন ও সম্পদ রক্ষা করেছেন।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই সম্মান আমার কর্মজীবনের অনুপ্রেরণা। জনগণের নিরাপত্তা ও সেবার জন্য আমি সবসময় সচেষ্ট থাকব।”

স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী তাঁর এই অর্জনে গর্ব প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে আরও সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছেন।