ভারতের ঘরোয়া ক্রিকেটে ‘স্কুলস টোটাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট’-এর কোয়ার্টার ফাইনালে দিল্লির দলটির ব্যাটার তন্ময় চৌধুরী একাই ২৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। ১৭ বছর বয়সি এই তরুণ ক্রিকেটারের ব্যাট থেকে আসা রানে ছিল ২২টি চার এবং ২৭টি বিশাল ছক্কা। প্রতিপক্ষ বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে অনন্য এই রেকর্ড গড়েন তিনি।
এই ইনিংসের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত ছিল টানা আট বলে আটটি ছক্কা হাঁকানো। এর মধ্যে শেষ ৫টি ছক্কা এক ওভারের শেষ পাঁচ বলে এবং বাকি ৩টি পরের ওভারের প্রথম ৩ বলে আসে। এমন পারফরম্যান্সে তাকে ‘বিস্ময় বালক’ হিসেবেও অভিহিত করা হচ্ছে।
ছেলের এমন সাফল্যে ভীষণ গর্বিত তার বাবা সতীশ চৌধুরি। তিনি সাংবাদিকদের জানান, সপ্তম শ্রেণি থেকে ক্রিকেটে হাতেখড়ি হওয়া তন্ময় বর্তমানে দিল্লির অনূর্ধ্ব-১৯ দল এবং দিল্লি প্রিমিয়ার লিগের দল ‘ইস্ট দিল্লি রাইডার্স’-এর হয়ে খেলছে। বয়সভিত্তিক ক্রিকেটে এর মধ্যেই প্রায় ১০০টি শতরান ও এক ডজন দ্বিশতরান করার রেকর্ড রয়েছে এই উদীয়মান তারকার।
এর আগে গত বছর ৭৪ বলে অপরাজিত ২২৮ রানের ইনিংস খেলেছেন তন্ময়। চলতি টুর্নামেন্টেও ৬৯ বলে ১৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলে নিজের ধারাবাহিকতা ধরে রেখেছেন তিনি।



