ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে মাঠে নামা হচ্ছে না বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের। শেষ মুহূর্ত পর্যন্ত তার জন্য অপেক্ষা করেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু ম্যাচের আগের দিন অনুশীলনে হঠাৎ আঙুলে চোট পাওয়ায় নির্ভরযোগ্য এই মিডল অর্ডার ব্যাটারকে ছাড়াই একাদশ সাজাতে হচ্ছে বাংলাদেশকে।
তবে স্বস্তির খবর হলো, দ্বিতীয় টেস্টেই তাকে পাওয়ার আশা দেখছেন জাতীয় দলের ফিজিও।
মঙ্গলবার সকালে নেটে ব্যাটিং অনুশীলন করছিলেন মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়। এ সময় পাশের নেট থেকে হঠাৎ একটি বল লাফিয়ে উঠে মুশফিকের ডান হাতের তর্জনীতে আঘাত করে। এতে সঙ্গে সঙ্গে ব্যথায় কূঁকড়ে যান তিনি।
নেট ছেড়ে বেরিয়ে চেয়ারে বসার পর জাতীয় দলের ফিজিও বায়েজিদ হোসেনের তত্ত্বাবধানে তার প্রাথমিক চিকিৎসা শুরু হয়। তবে এরপর আর ব্যাটিং করতে পারেননি তিনি। আঙুলে টেপ পেঁচিয়ে ড্রেসিংরুমে ফিরে যান এই অভিজ্ঞ ক্রিকেটার।
জাতীয় দলের ফিজিও এক ভিডিও বার্তায় চোটের আপডেট জানিয়ে সাংবাদিকদের জানান, ‘মুশফিকুর রহিমের ডান হাতের তর্জনীতে চোট লেগেছে। আজ সকাল পর্যন্ত এর তেমন কোনো উন্নতি হয়নি। এটি মূলত একটি কনটিউশন (থেঁতলে যাওয়া) ইনজুরি। তবে আশা করছি, আগামী তিন দিনের মধ্যে এটি ঠিক হয়ে যাবে এবং সে পরের টেস্টে খেলতে পারবে।
আগামী ০৫ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দলীয় সূত্রে আশাবাদ ব্যক্ত করা হয়েছে, ওই ম্যাচেই মাঠে ফিরবেন টেস্টে ৭ হাজার রানের মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় থাকা এই ব্যাটার।
উল্লেখ্য, বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ১০৬টি টেস্ট খেলেছেন মুশফিকুর রহিম। ১৪ সেঞ্চুরি ও ৩০ ফিফটিতে তার ঝুলিতে রয়েছে ৬ হাজার ৯৫৭ রান (গড় ৩৯.০৮)। ঐতিহাসিক ৭ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে তার আর মাত্র ৪৩ রান প্রয়োজন।



