কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের আমজাদের বাজার এলাকায় সোমবার সকালে ইউসুফ হোসেন নামে এক মোটরসাইকেল রাইডারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত ইউসুফ (৩৮) উপজেলার কনকাপৈত এলাকার কাজী একরাম হোসেনের ছোট ভাই। তিনি ইসলামী সংগীতশিল্পী হিসেবে পরিচিত ছিলেন এবং সাম্প্রতিক সময়ে জীবিকার প্রয়োজনে মোটরসাইকেল রাইডার হিসেবে কাজ করতেন।
সোমবার সকালে বাজারে ইউসুফকে পেয়ে আবুল কালাম আজাদ গংরা তাকে পিটিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে স্বজনরা ইউসুফকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী ডেইলি বরিশাল-কে জানান, ইউসুফ হোসেনকে স্বজনরা হাসপাতালে এনেছিলেন। অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লায় প্রেরণ করা হয়।
চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন সাংবাদিকদের জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



