দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে মারা গেছে আরও এক শিশু। এ নিয়ে চলতি বছর ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়াল এক হাজার ২৪০-এ।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এই হিসাব গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ২৪০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৩৫ জন মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম ও খুলনা বিভাগে দুইজন করে এবং ঢাকা ও বরিশাল বিভাগে একজন করে মারা গেছে। এছাড়া ঢাকা বিভাগে নিশ্চিত একজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে হাম শনাক্ত হয়েছে ৬৩ জনের। এ নিয়ে এ বছর ২৩ হাজার ৫৪১ জনের হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ২৩২ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে হয়েছে দুই লাখ ২৩ হাজার ৭৮৪ জন।



