রাশিয়ার প্রত্যন্ত সাইবেরীয় অঞ্চল ইরকুতস্কে প্লেগে আক্রান্ত হয়ে ২৮ বছর বয়সী এক গবেষণা কর্মীর মৃত্যুর পর অন্তত পাঁচটি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। কোয়ারেন্টাইনে রাখা হয়েছে শতাধিক মানুষকে।
শেলেখভ শহরের অ্যান্টি-প্লেগ রিসার্চ ইনস্টিটিউটে কর্মরত ওই গবেষণা কর্মীর নাম দারিয়া শিপিলোভা বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তিনি নিউমোনিক প্লেগে আক্রান্ত হয়েছিলেন। রোগটির সংক্রমণক্ষমতা অত্যন্ত বেশি এবং দ্রুত চিকিৎসা না হলে এটি প্রাণঘাতী হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, নমুনা সংগ্রহের সময় জীবন্ত ব্যাকটেরিয়া থাকা একটি টেস্ট টিউব ভেঙে যাওয়ার পর তিনি প্লেগের জীবাণুতে আক্রান্ত হন। পরে চিকিৎসকদের তিনি জানান, নমুনা সংগ্রহের সময় দুর্ঘটনাবশত টেস্ট টিউবটি ভেঙে যায়।
২৯ সেপ্টেম্বর গুরুতর নিউমোনিয়ার উপসর্গ নিয়ে তাকে শেলেখভের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেটরে রাখা হয়। ১ অক্টোবর তিনি মারা যান।
তার সংস্পর্শে আসতে পারেন—এমন ২০০ জনেরও বেশি মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গেছে। একই সঙ্গে ইরকুতস্কে বিভিন্ন জনসমাগম ও প্রকাশ্য অনুষ্ঠান বাতিল করা হয়েছে বলেও স্থানীয় প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ইরকুতস্ক অঞ্চলের গভর্নর ইগর কোবজেভ প্রথমদিকে জানিয়েছিলেন, ওই রোগীর ক্ষেত্রে ‘অজ্ঞাত কারণে সৃষ্ট নিউমোনিয়া’ শনাক্ত হয়েছিল।
টেলিগ্রামে দেওয়া এক পোস্টে কোবজেভ বলেন, রোগীর নমুনায় তার পেশাগত কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট কোনো অণুজীব শনাক্ত হয়নি।
তিনি আরো জানান, গত ১০ দিনে ওই গবেষণা প্রতিষ্ঠানের কোনো কর্মীর মধ্যে সংক্রামক রোগের ঘটনা পাওয়া যায়নি।
কোবজেভ বলেন, ওই রোগীর সংস্পর্শে আসা সবাইকে শনাক্ত, পরীক্ষা ও চিকিৎসা পর্যবেক্ষণের আওতায় আনা হয়েছে। প্রতিদিন তাদের পরীক্ষাগারে পরীক্ষা করা হচ্ছে।



