সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
১৯শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

আন্তর্জাতিক

ইথিওপিয়ায় যুদ্ধ বাড়তেই একজোট চার প্রতিবেশী

ইথিওপিয়ায় যুদ্ধ বাড়তেই একজোট চার প্রতিবেশী...

ফ
ফাতেমা খানম· আন্তর্জাতিক সংবাদদাতা
প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ১১:০৩ এএমসর্বশেষ: ৫ অক্টোবর ২০২৬, ১১:০৩ এএম
ইথিওপিয়ায় যুদ্ধ বাড়তেই একজোট চার প্রতিবেশী

ইথিওপিয়ায় সংঘাত তীব্র হওয়ার মধ্যে রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে মিসর, ইরিত্রিয়া, সোমালিয়া ও সুদান। সুদানের গৃহযুদ্ধসহ পুরো অঞ্চলে চলমান সংঘাতের প্রেক্ষাপটে গত রোববার চার দেশের নেতারা একটি যৌথ ঘোষণা দিয়েছেন।

মিসরের নিউ আলামেইন সিটিতে বৈঠকের পর ওই ঘোষণা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, ইরিত্রিয়ার প্রেসিডেন্ট ইসাইয়াস আফওয়ারকি, সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ এবং সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান।

ইথিওপিয়া অভিযোগ করে আসছে, দেশটির সরকারের বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র জোটকে মিসর, ইরিত্রিয়া ও সুদান সমর্থন দিচ্ছে। তবে তিন দেশের কর্মকর্তারাই এ অভিযোগ অস্বীকার করেছেন।

এর আগে রোববার আল-সিসি বলেন, সীমান্তপারের চ্যালেঞ্জ মোকাবিলায় ‘সংঘাত নয়, সংলাপ’ প্রয়োজন।

চার দেশের যৌথ ঘোষণায় সাম্প্রতিক বছরগুলোতে ইথিওপিয়ার নেওয়া কয়েকটি নীতির বিষয়ে আপত্তির ইঙ্গিত পাওয়া গেছে। এর মধ্য দিয়ে আদ্দিস আবাবা ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাড়তে থাকা মতবিরোধও স্পষ্ট হয়েছে।

ঘোষণায় সুদানের সেনানেতৃত্বাধীন সরকারকে সমর্থন জানানো হয়। একই সঙ্গে সুদানের রাজনৈতিক দলগুলোর নেতৃত্বে একটি রাজনৈতিক প্রক্রিয়া শুরুর আহ্বান জানানো হয়।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে যুদ্ধ চলছে। এই সংঘাতে হস্তক্ষেপের অভিযোগে সুদান ও ইথিওপিয়া পরস্পরকে দোষারোপ করে আসছে।

যৌথ ঘোষণায় বলা হয়, লোহিত সাগরের নিয়ন্ত্রণ উপকূলীয় দেশগুলোর হাতেই থাকা উচিত। স্থলবেষ্টিত ইথিওপিয়া লোহিত সাগরে সার্বভৌম প্রবেশাধিকার ও নৌ উপস্থিতি প্রতিষ্ঠার চেষ্টা করে আসছে। ঘোষণার এই বক্তব্যকে ইথিওপিয়ার সেই প্রচেষ্টার প্রতিক্রিয়া হিসেবেই দেখা হচ্ছে।

শনিবার আল-জাজিরাকে সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ বলেন, সোমালিয়ার বন্দর ব্যবহার করে ইথিওপিয়া বাণিজ্যিক প্রবেশাধিকার নিশ্চিত করতে চাইলে তাদের আপত্তি নেই। তবে এ বিষয়ে সোমালিয়ার সঙ্গে চুক্তি হতে হবে।

নীল নদের ওপর ইথিওপিয়ার গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম নিয়ে মিসর ও সুদানের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। যৌথ ঘোষণায় দেশ দুটি এমন ‘একতরফা পদক্ষেপের’ বিরুদ্ধে সতর্ক করেছে, যা ভাটির দেশগুলোর ক্ষতি করতে পারে।

ইথিওপিয়ায় কেন্দ্রীয় বাহিনী ও সাতটি সশস্ত্র গোষ্ঠীর জোটের মধ্যে লড়াই তীব্র হওয়ার সময় এই যৌথ ঘোষণা এল। ওই জোটে তিগ্রাই পিপলস লিবারেশন ফ্রন্ট (টিপিএলএফ) রয়েছে। সংগঠনটি ২০২২ সালে একটি ভঙ্গুর শান্তিচুক্তির মাধ্যমে শেষ হওয়া দুই বছরের ভয়াবহ যুদ্ধে ইথিওপিয়ার সরকারের বিরুদ্ধে লড়েছিল।

রোববার সরকারি ও মিত্র বাহিনী তিগ্রাই অঞ্চলের রাজধানী মেকেল্লে পুনর্দখল করে। এর আগে টিপিএলএফ জানিয়েছিল, তারা মেকেল্লে থেকে ‘সাময়িকভাবে সরে গেছে’ এবং ‘অন্য কোথাও থেকে কার্যক্রম চালাবে’।

ইথিওপিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিগ্রাইয়ের অন্তর্বর্তীকালীন সাবেক নেতা আব্রাহাম বেলে রোববার বলেন, কেন্দ্রীয় সরকার ওই অঞ্চলের জন্য নতুন একটি অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রস্তুতি নিচ্ছে। কয়েক মাসের মধ্যে আঞ্চলিক নির্বাচন আয়োজনেরও পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।

ইথিওপিয়ার কর্মকর্তারা অভিযোগ করেছেন, দেশটির গৃহযুদ্ধে প্রতিবেশী ইরিত্রিয়া সরাসরি বিদ্রোহী জোটকে সমর্থন দিচ্ছে।

তবে ইরিত্রিয়ার তথ্যমন্ত্রী ইয়েমানে গেব্রেমেস্কেল রোববার এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইরিত্রিয়ায় হামলার অজুহাত তৈরি করতে চাইছে আদ্দিস আবাবা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ফ

ফাতেমা খানম

আন্তর্জাতিক সংবাদদাতা

আন্তর্জাতিক বিভাগের প্রধান সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ