দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৭৩ শিশু।
১১ অক্টোবর রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ১ শিশু, চট্টগ্রামে ১ শিশু, সিলেটে ৩ শিশু, খুলনায় ১ শিশু ও রংপুরে ১ শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে গত ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১৬২ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ শিশু ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৫৮ শিশুর মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮০ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫ হাজার ২৮ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯৩ শিশু। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৪২১ জনে।



