স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে নারীদের জন্য বিনামূল্যে স্তন স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি চালু করেছে এভারকেয়ার হসপিটাল ঢাকা। ১১ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত হাসপাতালটির ব্রেস্ট ক্লিনিক ও মাস্টার হেলথ চেক ইউনিটে এ সেবা দেওয়া হবে।
কর্মসূচির আওতায় নারীরা বিনামূল্যে স্তনের প্রাথমিক শারীরিক পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও ঝুঁকি মূল্যায়নের সুযোগ পাবেন। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসা সম্পর্কেও পরামর্শ দেওয়া হবে।
এভারকেয়ার হসপিটাল ঢাকার মেডিক্যাল অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. ফেরদৌস শাহরিয়ার সাঈদ বলেন, স্তন ক্যানসার দেরিতে শনাক্ত হলে অনেক ক্ষেত্রে চিকিৎসা জটিল হয়ে পড়ে। নিয়মিত স্ব-পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষা এ রোগ শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সচেতন হওয়ার পাশাপাশি নিজের স্বাস্থ্যের যত্নে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।
হাসপাতালটির রেডিয়েশন অনকোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অ্যান্ড কো-অর্ডিনেটর ডা. বিশ্বজিৎ ভট্টাচার্য্য বলেন, প্রতিটি নারীর নিজের যত্ন নেওয়াকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। পরিবার, কাজ ও সামাজিক ব্যস্ততার কারণে অনেক নারী নিজেদের স্বাস্থ্যের প্রতি যথেষ্ট মনোযোগ দিতে পারেন না। এ উদ্যোগ নারীদের স্বাস্থ্যসচেতনতা বাড়াতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এভারকেয়ার হসপিটালসের গ্রুপ মেডিকেল ডিরেক্টর ডা. আরিফ মাহমুদ বলেন, স্তন ক্যানসারের মতো রোগের ক্ষেত্রে প্রাথমিক শনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনামূল্যে স্তন স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির মাধ্যমে নারীদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া এবং সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণে উৎসাহিত করতে চায় হাসপাতাল কর্তৃপক্ষ। সচেতনতা ও প্রাথমিক শনাক্তকরণ ক্যানসার মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উল্লেখ করে তিনি নারীদের স্বাস্থ্য সুরক্ষায় মানসম্মত চিকিৎসাসেবা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
হাসপাতালটির বিশেষজ্ঞদের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর ১২ হাজারের বেশি নারী স্তন ক্যানসারে আক্রান্ত হন। তাঁদের বড় একটি অংশ রোগের অগ্রসর পর্যায়ে চিকিৎসা নিতে আসেন। এ পরিস্থিতিতে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত এবং সচেতনতা বাড়ানো জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা।
এভারকেয়ার হসপিটাল ঢাকা উন্নত রোগ নির্ণয়ব্যবস্থা, অভিজ্ঞ ক্যানসার বিশেষজ্ঞ এবং ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসাসেবার মাধ্যমে নারীদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে। বিনামূল্যে স্তন স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানতে ও পরীক্ষার সময় নির্ধারণ করতে হাসপাতালটির সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।



