চাঁদপুরে মা ইলিশের নিরাপদ প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে ৭ লাখ ১৪ হাজার ৮৭০ মিটার অবৈধ কারেন্ট জালসহ ২২টি অন্যান্য অবৈধ জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৯৯ লাখ ৮৬ হাজার ৯০০ টাকা।
রোববার জেলার নদীবেষ্টিত বিভিন্ন এলাকায় দিনভর পরিচালিত অভিযানে এসব জাল জব্দ করা হয়।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, রোববার চাঁদপুরের আনন্দবাজার, দাশাদি খাল, শহর মালি, লালপুর, ৩ নম্বর কয়লাঘাট, চাঁদপুর মোহনা, গাজীরটেক, মিয়ার বাজার, কানুদি ও আমিরাবাদসহ মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। পরে স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত এসব অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
চাঁদপুর নৌবাহিনী কন্টিনজেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ফায়িজ কাফী জানান, ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা, অবৈধ মাছ আহরণ প্রতিরোধ এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে নৌবাহিনীর এ অভিযান অব্যাহত রয়েছে। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সমুদ্র, উপকূলীয় অঞ্চল ও অভ্যন্তরীণ নদ-নদীতে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছেন নৌবাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ সংরক্ষণ অভিযান চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত। এ সময় সারা দেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ।



-6acbb8989afff.jpg)