সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
২৬শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

বুড়িগঙ্গায় দূষণ রোধে কেরানীগঞ্জে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে নোটিশ

বুড়িগঙ্গায় দূষণ রোধে কেরানীগঞ্জে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে নোটিশ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ৯:১৪ পিএমসর্বশেষ: ১২ অক্টোবর ২০২৬, ৯:১৪ পিএম
বুড়িগঙ্গায় দূষণ রোধে কেরানীগঞ্জে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে নোটিশ

বুড়িগঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (১২ অক্টোবর) নদী তীরবর্তী এলাকায় অভিযান চালিয়ে চারটি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে। বর্জ্যের মান পরীক্ষার জন্য দুটি কারখানা থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি পরিবেশগত মানদণ্ড অনুসরণ নিশ্চিত করতে প্রতিষ্ঠানগুলোকে লিখিত নোটিশ দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় ও ঢাকা গবেষণাগার কার্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন।

অভিযানকালে কেরানীগঞ্জের বসুন্ধরা মাল্টিফুড ও আগানগর ডায়িং ফ্যাক্টরিসহ চারটি শিল্পপ্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শন করা হয়। এ সময় প্রতিষ্ঠানগুলোর তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) এবং সার্বিক পরিবেশ ব্যবস্থাপনা পর্যালোচনা করা হয়। পরিবেশগত বিধিবিধান অনুসরণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম বলেন, নদীদূষণ রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। ইটিপি চালু না রেখে সরাসরি নদীর পানিতে রাসায়নিক পদার্থ বা বর্জ্য ফেলা পরিবেশের জন্য মারাত্মক হুমকি। চারটি প্রতিষ্ঠান পরিদর্শন করে আইনগত মানদণ্ড অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে। নমুনা সংগ্রহ ও নোটিশ জারি করা হয়েছে। কোনো প্রতিষ্ঠান পরিবেশ আইন অমান্য করলে ভবিষ্যতে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকার চারপাশের নদীগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা ও পরিবেশ পুনরুদ্ধারে গঠিত কেন্দ্রীয় সেলের নির্দেশনায় এ মনিটরিং ও এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালিত হচ্ছে। গত ১৮ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তারের নেতৃত্বে নদী রক্ষায় কেন্দ্রীয় সেল গঠন করা হয়। ওই সেলের অধীনে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে গঠিত সাব-কমিটির কার্যপরিধি অনুযায়ী রোস্টারভিত্তিক এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ