সিলেটে এক কিশোরীকে ধর্ষণের দায়ে আবদুল্লাহ মিয়া নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুবাইয়া ইয়াসমিন জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবদুল্লাহ মিয়া সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বগাইয়া হাওড় (দক্ষিণপাড়া) গ্রামের মন্তাজ আলীর ছেলে।
টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মোশতাক আহমদ।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০২২ সালে বগাইয়া গ্রামের এক কিশোরীকে নিজ বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবেশী আবদুল্লাহ মিয়া। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে আবদুল্লাহ মিয়াকে একমাত্র আসামি করে গোয়াইনঘাট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিচারিক কার্যক্রম শুরু হয়।
সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মোশতাক আহমদ বলেন, মামলার একমাত্র আসামি ছিলেন আবদুল্লাহ। দীর্ঘ বিচারপ্রক্রিয়া এবং সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন শেষে আদালত আজ রায় ঘোষণা করেন। অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি আবদুল্লাহ মিয়াকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন।



