নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখা কার্যালয়ে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকটির একটি কক্ষে থাকা দুটি মোটরসাইকেল ও কাগজপত্র পুড়ে গেছে।
ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানিয়েছেন নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের।
আজ বুধবার বিকেলে তিনি জানান, সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপক এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গ্রামীণ ব্যাংকের চুঁচুয়া শাখা ব্যবস্থাপক মঞ্জুরুল হক বলেন, ‘ভোররাত সোয়া ৩টার দিকে কার্যালয়টিতে আগুনের এ ঘটনা ঘটে। সে সময় ব্যাংকের নিয়মিত নিরাপত্তাকর্মী আবদুর রহমান ছুটিতে থাকায় পাহারায় ছিলেন অন্য এক কর্মী। আগুন দেখতে পেয়ে তিনি তাৎক্ষণিক আশপাশের লোকজনকে খবর দেন। পরে স্থানীয় বাসিন্দাদের তৎপরতা এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে দুর্বৃত্তরা পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে ধারণা করছি। তবে কারা কিংবা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা আমরা নিশ্চিত হতে পারিনি।



