গর্ভকালীন সময়ে মা ও নারীদের যেকোনো ধরনের বিব্রতকর পরিস্থিতি এড়াতে স্বাস্থ্যকেন্দ্রগুলোকে ওয়ান-স্টপ সার্ভিসে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সভাকক্ষে ‘ন্যাশনাল হেলথ প্রোটেকশন অথরিটি ইন বাংলাদেশ : ডিজাইন অ্যান্ড স্ট্রাকচারাল অ্যাসপেক্টস’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।
ধাপে ধাপে সব কার্যক্রম বাস্তবায়নের কাজ শরু হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে একসঙ্গে সব পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন হওয়ায় অগ্রাধিকার নির্ধারণ করে ধাপে ধাপে পাইলট কর্মসূচির মাধ্যমে কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
চিকিৎসা ব্যয় মেটাতে সাধারণ মানুষের পকেট কাটায় আর্থিক দুর্ভোগে পড়েন উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষা আইন ও এর কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা জরুরি।
এ লক্ষ্যে বিভিন্ন দেশের আইন পর্যালোচনা ও সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যবীমা ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। চিকিৎসা ব্যয় মেটাতে সাধারণ মানুষকে নিজের পকেট থেকে বিপুল অর্থ খরচ করতে হওয়ায় তারা আর্থিক দুর্ভোগে পড়েন, যা অত্যন্ত বেদনাদায়ক।দেশের প্রতিটি স্তরে পর্যায়ক্রমে উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।



