ঢাকা-রাজশাহী মহাসড়কে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চলন্ত কাভার্ডভ্যান থেকে জাতীয় লিগের ক্রিকেটারদের আটটি লাগেজ চুরির ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
চোর চক্রটি চলন্ত কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেল নিয়ে উঠে তালা কেটে লাগেজগুলো ফেলে দিয়েছিল।
বুধবার ভোর ৫টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে চারজনকে আটক করে এবং মালামাল উদ্ধার করে। তবে ক্রিকেটার এসএম মেহেরব হাসানের ব্যাগে থাকা নগদ ৩ লাখ টাকা এখনো উদ্ধার হয়নি।
আটক ব্যক্তিরা হলেন—চারঘাটের চামটা গ্রামের মোজাম্মেল হক (৩২), পুঠিয়ার গণ্ডগোহালী গ্রামের সোহান রহমান (২৩), বারইপাড়ার রুবেল আহমেদ (৩৮) এবং তারাপুর গ্রামের শাহাদত হোসেন (৫২)। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
পুলিশ জানায়, জাতীয় ক্রিকেট লিগ শেষে ঢাকা থেকে রাজশাহী ফেরার পথে ক্রিকেটারদের ৫৪টি লাগেজ কাভার্ডভ্যানে পাঠানো হয়। সকালে মালামাল নামানোর সময় আটটি লাগেজ কম পাওয়া গেলে ক্রিকেটার মেহেরব হাসান রাজপাড়া থানায় জিডি করেন। এরপর তথ্যপ্রযুক্তির সহায়তায় তারাপুর গ্রামের শাহাদত হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, একটি ম্যাসাজ বেড, ল্যাপটপসহ অধিকাংশ মালামাল এবং চুরিতে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



