শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
১লা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

মেসিকে দলে চাননি এক কোচ, লা মাসিয়ার রিপোর্টে বেরোল চাঞ্চল্যকর তথ্য

মেসিকে দলে চাননি এক কোচ, লা মাসিয়ার রিপোর্টে বেরোল চাঞ্চল্যকর তথ্য...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ৪:০০ পিএমসর্বশেষ: ১৬ অক্টোবর ২০২৬, ৪:০০ পিএম
মেসিকে দলে চাননি এক কোচ, লা মাসিয়ার রিপোর্টে বেরোল চাঞ্চল্যকর তথ্য

লিওনেল মেসি পরে বার্সার অন্যতম সেরা খেলোয়াড় বনে যান।

বার্সেলোনার যুব অ্যাকাডেমি লা মাসিয়ায় ট্রায়ালের সময় লিওনেল মেসিকে নিয়ে তৈরি করা তিনটি মূল্যায়ন প্রতিবেদনে উঠে এসেছে ভিন্নমত। এক কোচ তাকে দলে নিতে চাননি। তবে অন্য এক কোচ তাকে তখনই তুলনা করেছিলেন তরুণ ম্যারাডোনার সঙ্গে।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বনে যাওয়া মেসি ১৩ বছর বয়সে বার্সেলোনার যুব অ্যাকাডেমিতে ট্রায়াল দেন। তখন তার শারীরিক গঠন নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। এমনকি একজন কোচ তাকে দলে না নেওয়ার পরামর্শও দিয়েছিলেন।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদন অনুযায়ী, সাংবাদিক ফ্লোরঁ তোরশু ২০০০ সালের শরৎকালে লা মাসিয়ায় মেসির ট্রায়াল নিয়ে তৈরি তিনটি মূল্যায়ন প্রতিবেদন সামনে এনেছেন। ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের এই সাংবাদিক ‘কিং লিও’ নামের একটি জীবনীগ্রন্থের লেখকও।

প্রতিবেদনগুলোতে দেখা যায়, মেসির ফুটবলীয় দক্ষতা নিয়ে প্রশংসা থাকলেও তার উচ্চতা ও শারীরিক শক্তি নিয়ে সংশয় ছিল।

প্রথম কোচের মূল্যায়নে মেসির ড্রিবলিং, ক্ষিপ্রতা, বুদ্ধিমত্তা, দূরদৃষ্টি এবং জোরালো শট নেওয়ার ক্ষমতার প্রশংসা করা হয়। প্রতিবেদনে তাকে বয়স অনুযায়ী প্রযুক্তিগতভাবে অত্যন্ত পরিপূর্ণ খেলোয়াড় হিসেবে উল্লেখ করা হয়। পাশাপাশি বলা হয়, পেনাল্টি বক্সের ভেতরে তিনি অসাধারণ। তার একমাত্র দুর্বলতা কম উচ্চতা ও শারীরিক শক্তির অভাব।

তবে দ্বিতীয় কোচের মূল্যায়ন ছিল নেতিবাচক। তখন মেসির উচ্চতা ছিল ১৪২ সেন্টিমিটার। ওই কোচের মতে, কম উচ্চতার কারণে প্রতিদ্বন্দ্বিতা করতে সমস্যা হতে পারে তার। ভবিষ্যতে উচ্চতা ১৫০ সেন্টিমিটার হলেও বয়সে বড় খেলোয়াড়দের সঙ্গে পাল্লা দিতে পারবেন কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।

ওই প্রতিবেদনের চূড়ান্ত মন্তব্য ছিল, মেসিকে দলে নেওয়া উচিত নয়। বরং তার শারীরিক বিকাশ পর্যবেক্ষণ করে দুই বছর পর আবার মূল্যায়নের পরামর্শ দেওয়া হয়।

কিন্তু তৃতীয় কোচের মতামত ছিল সম্পূর্ণ বিপরীত। তিনি মেসিকে তরুণ দিয়েগো ম্যারাডোনার সঙ্গে তুলনা করেন এবং তাকে দলে নেওয়ার সুপারিশ করেন। তার মতে, মেসির মধ্যে অনেক কিছু দেওয়ার সম্ভাবনা রয়েছে।

তিন কোচের তিন ধরনের মূল্যায়নের পরও শেষ পর্যন্ত বার্সেলোনায় নিজের জায়গা করে নেন মেসি। পরবর্তী সময়ে ক্লাবটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতায় পরিণত হন তিনি।

বার্সেলোনার হয়ে মেসি ৭৭৮টি আনুষ্ঠানিক ম্যাচে ৬৭২ গোল করেন এবং জেতেন ৩৫টি শিরোপা। তার ক্যারিয়ারই প্রমাণ করে, শুরুর দিকে শারীরিক গঠন নিয়ে যে সংশয় ছিল, তা তার অসাধারণ ফুটবলীয় প্রতিভাকে আটকে রাখতে পারেনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ