শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
১লা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

নেত্রকোণায় নিহত সাংবাদিকের শরীরে ৬ গুলির ক্ষত, ভেদ করে যায় ৫টি

নেত্রকোণায় নিহত সাংবাদিকের শরীরে ৬ গুলির ক্ষত, ভেদ করে যায় ৫টি...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ৪:০০ পিএমসর্বশেষ: ১৬ অক্টোবর ২০২৬, ৪:০০ পিএম
নেত্রকোণায় নিহত সাংবাদিকের শরীরে ৬ গুলির ক্ষত, ভেদ করে যায় ৫টি

নেত্রকোণার দুর্গাপুরে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফের শরীরে ৬টি গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে ৫টি গুলি শরীর ভেদ করে যায়। আরেকটি গুলি তার পিঠের ভেতরে আটকে ছিল।

আজ শুক্রবার নেত্রকোণা সদর হাসপাতালে ময়নাতদন্তের সময় গুলিটি বের করা হয়েছে।

ময়নাতদন্তের দায়িত্বে থাকা হাসপাতালের চিকিৎসক শ্রদ্ধ্যানন্দ নাথসংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উত্তরাইল বাজারে গুলি করা হয় সাংবাদিক আলিফকে। মোটরসাইকেলে দুই যুবক এসে তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে জানিয়েছে পুলিশ।

তিনি বেসরকারি আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোণা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন, যেখানে দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে নিয়মিত পোস্ট দিতেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, আলিফের মাথা, ঘাড় ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির ক্ষত দেখা গেছে।

ডা. শ্রদ্ধ্যানন্দ নাথ জানান, সাংবাদিক আলিফের বুকের অংশে তিনটি গুলি লাগে। এর মধ্যে দুটি গুলি শরীর ভেদ করে বেরিয়ে যায় এবং একটি পিঠের দিকে শরীরের ভেতরে আটকে ছিল।

অপর তিনটি গুলির আঘাতের বিষয়ে চিকিৎসক জানান, একটি গুলি কপালের ডান পাশ দিয়ে ঢুকে মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছে। আরেকটি মাথার উপরের অংশের চামড়া এবং অন্য একটি গুলি ডান কাঁধের পাশের চামড়া ভেদ করে চলে যায়।

ক্ষতের ধরন বিশ্লেষণ করে শ্রদ্ধ্যানন্দ নাথ বলেন, ‘শরীরে গুলির প্রবেশ ও বেরিয়ে যাওয়ার চিহ্ন পর্যবেক্ষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আলিফকে সামনে থেকে গুলি করা হয়েছে।

রাতে গুলির শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। আলিফকে গুরুতর আহত অবস্থায় দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হামলাকারীদের পরিচয় কিংবা হত্যাকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনো নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি।

এর আগে, গত বছরের ১০ নভেম্বর দুর্গাপুরে সোমেশ্বরী নদীর তীরে তেরিবাজার ঘাটের কাছে আরেকটি হামলা থেকে বেঁচে গিয়েছিলেন আলিফ। ওই ঘটনায় অজ্ঞাতপরিচয় হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এ সময় তার এক সহকর্মী বাধা দিতে গেলে তাকেও অস্ত্রের মুখে হুমকি দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ