যুবদলের নেতাকর্মীরা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রবিউল ইসলাম নয়ন বলেন, ‘আজ জাতীয়তাবাদী যুবদল ৪৮ বছরে পা দিল। দেশের সকল ক্রান্তিলগ্নে রাজপথে অগ্রণী ভূমিকা রেখেছে জাতীয়তাবাদী যুবদল। বিগত সময়ে যুবদলের নেতাকর্মীদের গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছে, বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে, বোমা মেরে পঙ্গু করে দেওয়া হয়েছে। বছরের পর বছর ধরে বিভিন্নভাবে অত্যাচার করেও যুবদলকে দমিয়ে রাখা যায় নাই।
রবিউল ইসলাম নয়ন আরও বলেন, ‘যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামসহ আমরা জুলাই-আগস্ট আন্দোলনে কতটুকু ভূমিকা রেখেছি, তা আপনারা মিডিয়াতে দেখেছেন। যদিও তখন মিডিয়াতে সবকিছু প্রচার করা যেত না, মিডিয়ার সাথে যোগাযোগ রাখা যেত না, কারণ সংবাদমাধ্যমের ওপর বিশেষ নজরদারি ছিল। এরপরেও যতটুকু তথ্য বের হয়ে এসেছে, তাতেই আপনারা দেখেছেন যে বাংলাদেশে দাবানল সৃষ্টি করেছে জাতীয়তাবাদী যুবদল।
যুবদল কখনোই থেমে থাকতে পারে না উল্লেখ করে নয়ন বলেন, ‘দেশের প্রয়োজনে জাতীয়তাবাদী যুবদলের প্রত্যেকটা নেতাকর্মী সর্বদা জীবন দিতে প্রস্তুত। একটি মহল যুবদলকে হিংসা করে ও ভয় পায়। তারা যুবদলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানারকম বিভ্রান্তি বা ‘মথ’ সৃষ্টি করতে চায়। যুবদলের নেতাকর্মীরা কথায় নয়, কাজে বিশ্বাসী। তারা ফেসবুকে নয়, রাজপথে বিশ্বাসী। যুবদল গুপ্ত হামলায় বিশ্বাসী নয়, রাজপথে বিশ্বাসী। এই দলের নেতাকর্মীরা জীবন দেয় এবং নির্বিচারে হত্যার বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে বারবার রাজপথে দাঁড়ায়।



