ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নিরঙ্কুশ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তিনবার বললাম, শতভাগ।’ এর আগে সকাল পৌনে ৯টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন মির্জা ফয়সল আমীন। এর আগে তিনি তার মা-বাবার কবর জিয়ারত করেন।
ভোট দেওয়ার পর সাংবাদিকদের মির্জা ফয়সল আমীন বলেন, আমি ভোট প্রদান করেছি। সবেমাত্র ভোট শুরু হয়েছে। প্রত্যাশা তো অবশ্যই জয়। আমরা নিরঙ্কুশ জয় লাভ করব, ইনশাআল্লাহ।
ভোটের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে বিএনপি প্রার্থী জানান, তিনি সবেমাত্র বাসা থেকে বের হয়ে ভোটকেন্দ্রে এসেছেন। তাই এ মুহূর্তে সার্বিক পরিবেশ সম্পর্কে মন্তব্য করা সমীচীন হবে না। তবে তার ধারণা, ভোট উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে কি না, এমন প্রশ্নের জবাবে মির্জা ফয়সল আমীন জানান, তিনি কোনো শঙ্কা দেখছেন না।
প্রশাসনের পক্ষ থেকে ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ প্রশ্নের উত্তর প্রশাসনই দেবে। তার কাছে এলাকার সব ভোটারই তার ভোটার। সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে আগ্রহী। প্রশাসন কোনো কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ মনে করলে সে অনুযায়ী ব্যবস্থা নেবে।
ভোটার উপস্থিতি নিয়ে আশাবাদ ব্যক্ত করে মির্জা ফয়সল আমীন বলেন, আবহাওয়া কিছুটা খারাপ এবং বৃষ্টির ভাব থাকলেও ভোটারদের ব্যাপক উপস্থিতি হতে পারে। উপনির্বাচন হলেও ভোটারদের অংশগ্রহণ ভালো হবে বলে তিনি মনে করেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রের ৯৮৯টি ভোটকক্ষে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন বিজিবির ২১ প্লাটুন সদস্য, ২ হাজার ২৭২ জন পুলিশ সদস্য ও ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য। নির্বাচনি আচরণবিধি ও অনিয়ম তদারকিতে দায়িত্ব পালন করছেন নির্বাচন অনুসন্ধান কমিটির সদস্য এবং বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
এদিকে চারজন বিদেশি পর্যবেক্ষকসহ মোট ১৭৭ জন দেশি ও স্থানীয় পর্যবেক্ষক নির্বাচনের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।



