বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
১৪ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

২৮ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন আইরিশ স্পিনার

২৮ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন আইরিশ স্পিনার...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ৫:০৫ পিএমসর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ৫:০৫ পিএম
২৮ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন আইরিশ স্পিনার

ক্যারিয়ারের সেরা সময়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আয়ারল্যান্ডের লেগ স্পিনার বেন হোয়াইট। মাত্র ২৮ বছর বয়সেই ক্রিকেটের আন্তর্জাতিক মঞ্চ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দেশের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ৪১টি উইকেট নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন এই স্পিনার।

হোয়াইটের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল বাংলাদেশের বিপক্ষে গত বছরের ডিসেম্বরে। ২০২১ সালে আয়ারল্যান্ড উলভসের বাংলাদেশ সফরে নজর কাড়েন তিনি। ওই বছরই আয়ারল্যান্ডের জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন সংস্করণেই আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন হোয়াইট। তবে সবচেয়ে বেশি কার্যকর ছিলেন টি-টোয়েন্টিতে। এই সংস্করণে প্রতি ২০ বলেই একটি করে উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তার। ২০২৪ সালে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ২০ রান খরচায় ৪ উইকেট শিকার করাই আন্তর্জাতিক ক্রিকেটে তার সেরা বোলিং পারফরম্যান্স।

আয়ারল্যান্ডের হয়ে ২০২১, ২০২৪ ও ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন এই লেগ স্পিনার। জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও ছিল তার উল্লেখযোগ্য সাফল্য। লেইনস্টার লাইটনিং, নর্দার্ন নাইটস, মুনস্টার রেডস, ফিনিক্স ও সিএসএনআইয়ের হয়ে খেলেছেন তিনি।

২০২১ সালের আন্তপ্রাদেশিক টি-টোয়েন্টি ট্রফিতে ১৭ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেটশিকারি হয়েছিলেন হোয়াইট। এ ছাড়া ২০২৪ সালের আইরিশ সিনিয়র কাপের ফাইনালে ৩৪ রানে ৫ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়ে হোয়াইট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্রিকেট আয়ারল্যান্ডের প্রতি। দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ে খেলার সুযোগ পাওয়াকে নিজের শৈশবের স্বপ্নপূরণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

হোয়াইট বলেন, আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করা এবং আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ করে দেওয়ায় ক্রিকেট আয়ারল্যান্ডের কাছে তিনি কৃতজ্ঞ। দেশের হয়ে তিনটি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া এবং টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা তার প্রত্যাশার বাইরে ছিল বলেও জানান তিনি। ক্যারিয়ারের এই অর্জনগুলো নিয়ে সব সময় গর্বিত থাকবেন বলে জানিয়েছেন ২৮ বছর বয়সি এই স্পিনার।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ