মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার।
আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, আগ্রহী কর্মীদের কাছ থেকে নির্ধারিত ৮ হাজার টাকার অতিরিক্ত নেওয়া যাবে না।
স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীদের সঙ্গে যোগাযোগ না করার জন্যও অভিবাসনপ্রত্যাশীদের সতর্ক করেছে মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে মালয়েশিয়ার জন্য নির্বাচিত কর্মীরা স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।
এতে আরও বলা হয়, যে এজেন্সি মেডিকেল স্লিপ করেছে, কিন্তু কর্মী অন্য এজেন্সির মাধ্যমে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন, সেক্ষেত্রে আগের এজেন্সি দেরি না করে মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দেবে।
এক্ষেত্রে স্লিপ প্রদানকারীর কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না বলে সতর্ক করেছে মন্ত্রণালয়।
কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ৮ হাজার টাকার বেশি দাবি করলে বা কোনো ধরনের হয়রানি বা ঝামেলা করলে সঙ্গে সঙ্গে বিষয়টি মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে।
মন্ত্রণালয় মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত মনিটর ও পরীক্ষা করবে। কোনো অনিয়ম বা গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।



