শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

তাহসিফ হত্যা মামলা: ৪ দিনের রিমান্ডে দীপ, পুলিশের ফরোয়ার্ডিংয়ে যা আছে

তাহসিফ হত্যা মামলা: ৪ দিনের রিমান্ডে দীপ, পুলিশের ফরোয়ার্ডিংয়ে যা আছে...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ৪:১২ পিএমসর্বশেষ: ৩১ অক্টোবর ২০২৬, ৪:১২ পিএম
তাহসিফ হত্যা মামলা: ৪ দিনের রিমান্ডে দীপ, পুলিশের ফরোয়ার্ডিংয়ে যা আছে

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় 'বন্ধু' হিসেবে পরিচিত আহমেদ শাহরিয়ার রেজা দীপকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

আজ শনিবার তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবউল্লাহ এ আদেশ দেন।

এ তথ্য নিশ্চিত করে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন সাংবাদিকদের জানান, পুলিশ দীপকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চেয়েছিল।

পুলিশের ফরোয়ার্ডিং রিপোর্টে বলা হয়, দীপ ঘটনার রাতে তাহসিফ সাউরিকে উত্তরার বাসা থেকে ডেকে নিয়ে বাইরে যায়। পরদিন পুলিশ জানতে পারে উত্তরখান থানাধীন রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদে অজ্ঞাতনামা মরদেহ ভাসছে। মরদেহ উদ্ধার করে তার পরিচয় শনাক্ত করা হয়।

রিপোর্টে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন বলেন, প্রাথমিক তদন্তে সন্দেহভাজন আসামি দীপের সঙ্গে হত্যাকাণ্ডে জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে আটক রাখা প্রয়োজন। মুক্তি পেলে মামলার তদন্তে ব্যাঘাত ঘটতে পারে।

আসামিকে 'নিবিড়ভাবে' জিজ্ঞাসাবাদের ৭ দিনের রিমান্ড প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, রিমান্ডে নিয়ে মামলার ঘটনার মূল রহস্য উদঘাটনের পাশাপাশি, অজ্ঞাতনামা অপর আসামিদের গ্রেপ্তার, আলামত উদ্ধার, হত্যাকাণ্ডের স্থান শনাক্তের বিষয়ে দীপকে জিজ্ঞাসাবাদ করা হবে।

২৮ অক্টোবর বিকেলে টঙ্গীতে তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। এর আগের দিন থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিখোঁজ হওয়ার কিছুক্ষণ আগে ধারণ করা সিসিটিভি ফুটেজে তাহসিফ সাউরিকে এক যুবকের সঙ্গে দেখা যায়। তার সঙ্গে মোটরসাইকেলে বেরিয়ে যেতে দেখা যায় তাহসিফকে।

ওই যুবক তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দীপ বলে পরিবারের সদস্যরা শনাক্ত করেন।

২৯ অক্টোবর রাতে মোহাম্মদপুরের বাসা থেকে দীপকে হেফাজতে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পরে গতকাল শুক্রবার দিনভর তাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। একপর্যায়ে নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করে পিবিআই। সেটি তাহসিফের কি না, তা যাচাই-বাছাই চলছে।

তাহসিফের মরদেহ উদ্ধারের ২ দিন পর গতকাল শুক্রবার গভীর রাতে তার বাবা কে এম এনায়েতুল করিম উত্তরখান থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মামলার পর শুক্রবার রাতেই দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করে পিবিআই।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ