রবিবার, ১ নভেম্বর, ২০২৬
১৬ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

সাফের আগে বাংলাদেশের বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান

সাফের আগে বাংলাদেশের বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ১ নভেম্বর ২০২৬, ৩:১৪ পিএমসর্বশেষ: ১ নভেম্বর ২০২৬, ৩:১৪ পিএম
সাফের আগে বাংলাদেশের বড় ধাক্কা, চোটে ছিটকে গেলেন রোনান

সাফ চ্যাম্পিয়নশিপের ঠিক আগে বাংলাদেশ ফুটবল দল বড় ধাক্কা খেয়েছে। চোটের কারণে যুক্তরাষ্ট্রপ্রবাসী ফরোয়ার্ড রোনান সুলিভান টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। এতে আক্রমণভাগে অপশন আরও কমে গেছে প্রধান কোচ টমাস ডুলির।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) জাতীয় দল কমিটির সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সুলিভানের আগামীকাল রাতে ঢাকায় পৌঁছানোর কথা ছিল।

সুলিভান না থাকার ফলে বাংলাদেশ দল বড় এক ধাক্কাই খেয়েছে। কোচ থমাস ডুলি বাংলাদেশের দীর্ঘদিনের গোলখরা কাটাতে প্রবাসী ফরোয়ার্ডদের ওপর ভরসা করেছিলেন। যে কারণে ২০ বছর বয়সী সুলিভান প্রথমবার জাতীয় দলের ডাক পেয়েছিলেন। এপ্রিলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ফাইনালে সাহসী এক পানেনকা শটে জয়সূচক পেনাল্টি গোল করে তিনি আলোচনায় আসেন।

এখন যুক্তরাষ্ট্রে সেন্ট জোসেফ’স হকসের হয়ে কলেজ ফুটবল খেলছেন তিনি। ইংল্যান্ডের নবম স্তরের স্ট্রাইকার মোহাম্মদ মাহি খানের পাশে তিনি আক্রমণে বাড়তি শক্তি জোগাবেন বলে আশা ছিল। মাহিও জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন।

জুনে ডুলি দায়িত্ব নেওয়ার পর থেকে বাংলাদেশ গোলের জন্য ভুগছে। চার আন্তর্জাতিক ম্যাচে তারা গোল করেছে মাত্র চারটি। এর মধ্যে ডিফেন্ডার তপু বর্মন করেছেন দুটি। ফারহান আলী ওয়াহিদ ও শুকি ইতোফুসা করেছেন একটি করে।

প্রবাসী কয়েকজন খেলোয়াড়কেও প্রথম ম্যাচে পাচ্ছেন না কোচ। ক্লাবের দায়িত্বের কারণে তাঁরা আসতে পারবেন না। এতে ডুলির কাজটা আরও কঠিন হয়েছে।

বাংলাদেশ সাফ চ্যাম্পিয়নশিপে অভিযান শুরু করবে ৫ নভেম্বর। ঢাকার জাতীয় স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ ভুটান।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ