বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
১৯শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

খুনি ভাড়া করতে ২০ লাখ টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ

খুনি ভাড়া করতে ২০ লাখ টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৪ নভেম্বর ২০২৬, ৮:২৬ পিএমসর্বশেষ: ৪ নভেম্বর ২০২৬, ৮:২৬ পিএম
খুনি ভাড়া করতে ২০ লাখ টাকা দেন স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ

হত্যার শিকার যুবদল নেতা সাকের হোসেন (বামে) ও গ্রেফতার স্বেচ্ছাসেবক দল নেতা মারুফ হোসেন।

ঢাকা থেকে সীমান্তবর্তী জেলার উদ্দেশে নিয়ে যাওয়ার পথে মাগুরায় পরিবহণ থেকে লুট করা ১৫০ ভরি স্বর্ণ ভাগাভাগি নিয়ে বিরোধের জেরেই খুন করা হয় মাগুরার পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাকের হোসেনকে। আর এই হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদ এবং একই দলের পৌর কমিটির আহ্বায়ক মারুফ হোসেন।

যুবদল নেতা সাকেরকে হত্যা করার জন্য পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক মারুফ হোসেন নগদ ২০ লাখ টাকা দেন জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক গোলাম জাহিদকে। পরে দুজন খুনি ভাড়া করে ২১ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে মাগুরা বাস টার্মিনালে রয়েল কাউন্টারের মধ্যে সাকেরকে গুলি করে হত্যা করা হয়।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন মাগুরা পুলিশ লাইনের ড্রিল শেডে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

নিহত সাকের সেখানে কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি মাগুরা শহরের পারনান্দুয়ালি গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, হত্যাকাণ্ডের আগে ৬ অক্টোবর মজিবর রহমান নামে এক ব্যক্তি ঢাকা থেকে গোল্ডেন পরিবহণের একটি যাত্রীবাহী বাসে করে স্বর্ণ নিয়ে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। পথে দুপুর ১টার দিকে মাগুরার রামনগর এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা মারুফের নেতৃত্বে ১২ থেকে ১৫ জনের একটি দল পরিবহণটি থামিয়ে ১৪টি বারের একটি স্বর্ণের চালান লুট করে নেয়। পরে সোনা বহনকারী মজিবরকে হাত-পা বেঁধে মারধর করে তারা স্বর্ণ নিয়ে চলে যায়। কিন্তু লুটকৃত স্বর্ণের বান্ডিলে ১৪টি বার থাকলেও মারুফ ৮টি বার লুকিয়ে ফেলে। বাকি ৬টি বারের মধ্যে ৩টি বার স্বর্ণ বহনকারী সম্পর্কে যারা তথ্য দিয়েছে তাদের মধ্যে বিতরণ করা হয়েছে এমন কথা বলে মারুফ লুটকৃত স্বর্ণের বেশিরভাগ অংশ লুকিয়ে অন্যান্যদের সঙ্গে প্রতারণা করে। এ বিষয়টি নিয়ে বিরোধ হয় পৌর যুবদল যুগ্ম আহ্বায়ক সাকেরের সঙ্গে।

তিনি জানান, বিষয়টির মীমাংসা করতে স্বর্ণ লুটের পরদিন সন্ধ্যা ৭টায় তারা মাগুরার অব্যবহৃত ট্রাক টার্মিনালে মিটিং করে। সেখানে সাকের লুটকৃত স্বর্ণের ন্যায্য হিস্যা দাবি করলে মারুফের সঙ্গে সাকেরের হাতাহাতি হয়। পরদিন মারুফ সাকেরকে স্বর্ণের কোনো হিস্যা না দিয়ে মাত্র ৫ লাখ টাকা দিয়ে মিটিয়ে ফেলার চেষ্টা করে। কিন্তু সাকের এতেও রাজি না হওয়ায় মারুফ গোলাম জাহিদের সঙ্গে পরামর্শ করে সাকেরকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয়।

মঙ্গলবার ভোররাতে ঢাকার বিমানবন্দর থানা এলাকা থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদকে গ্রেফতারের পর রাতে পুলিশের কাছে এমন স্বীকারোক্তি দিলে পরে আদালতে ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

সাকের হত্যাকাণ্ডের বিষয়ে ৬ অক্টোবর ঘটনার রাতে নিহত সাকেরের স্ত্রী শারমিন নাহার মাগুরা সদর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেন। অন্যদিকে পরিবহণে ডাকাতির ঘটনায় মজিবুর রহমান নামে ওই ব্যক্তি ২৮ অক্টোবর মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। সেখানে তিনি ১৫০ ভরি স্বর্ণ এবং ৬০ হাজার টাকা লুটের অভিযোগ করেন। উভয় ঘটনার মূল পরিকল্পনাকারী আসামি মারুফ এবং গোলাম জাহিদ।

পুলিশ সুপার জানান, ইতোমধ্যে দুই ঘটনার মূল পরিকল্পনাকারী গোলাম জাহিদ ও মারুফ ছাড়াও সোনা লুটের ঘটনায় জড়িত জুয়েল, তৌকির, ফরিদ মণ্ডল, মিল্টন এবং মিল্টনের স্ত্রী মারুফাকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রনি শিকদার, শামীমা তাবাস্সুম লুবনা, অনিমেষ মজুমদার এবং বশির আলিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, পুলিশ এখন পর্যন্ত লুট হওয়া ১৪টি স্বর্ণের বারের মধ্য থেকে ৬টি বার উদ্ধার করেছে। বাকি স্বর্ণও খুব শিগগিরই উদ্ধার করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পুলিশ সুপার। এ ছাড়া হত্যাকাণ্ডে ভাড়া করা দুই খুনিকেও খুব শিগগিরই গ্রেফতার সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি।

এই প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল হাসান, নিশাত আল নাহিয়ান, স্বর্ণ লুটের মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান ও সাকের হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা ডিবির এসআই কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ