প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পূর্বানুমোদন ছাড়া নির্দিষ্ট ১২টি দেশে কর্মী প্রেরণে বহির্গমন ছাড়পত্র (ইমিগ্রেশন ক্লিয়ারেন্স) না দেওয়ার কঠোর নির্দেশনা জারি করেছে সরকার।
বুধবার (৪ নভেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ নির্দেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখিত দেশগুলো হলো সার্বিয়া, মলদোভা, বেলারুশ, কসোভো, বসনিয়া, জাপান, ইরাক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউক্রেন ও লিবিয়া। এসব দেশে চাকরির উদ্দেশ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীদের ক্ষেত্রে মন্ত্রণালয়ের সুস্পষ্ট নিয়োগানুমতি ছাড়া কোনো ধরনের ছাড়পত্র ইস্যু করা যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।
একই সঙ্গে ওই ১২টি দেশে অভিবাসনপ্রত্যাশী কর্মীদের প্রতি বিশেষ সতর্কতা জারি করেছে মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছে, নিয়োগের প্রক্রিয়া, মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক অনুমোদন এবং বহির্গমন ছাড়পত্র শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি যেন কোনো ধরনের আর্থিক লেনদেন না করেন বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকেন।
দালালচক্র কিংবা কোনো প্রলোভনে পড়ে সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানিয়ে বিদেশগামীদের উদ্দেশ্যে প্রজ্ঞাপনে আরও বলা হয়, সরকারি অনুমোদন, বৈধ নিয়োগপ্রক্রিয়া ও সামগ্রিক নিরাপদ অভিবাসনের বিষয়টি পুরোপুরি নিশ্চিত করেই কেবল বিদেশযাত্রার প্রস্তুতি নিতে হবে।






