নারীর স্বাস্থ্য সুরক্ষা, চক্ষুস্বাস্থ্য সচেতনতা এবং মানসম্মত চিকিৎসাসেবা সহজলভ্য করতে কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে সামাজিক সংগঠন ‘আমরা নারী’ ও বিশেষায়িত চিকিৎসাপ্রতিষ্ঠান এরিস্টো আই হাসপাতাল। এ চুক্তির আওতায় ‘আমরা নারী’র নিবন্ধিত সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা হাসপাতালটির নির্ধারিত চক্ষু চিকিৎসাসেবা ও সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় এবং প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা পাবেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর মিরপুর রোডে এরিস্টো আই হাসপাতালের নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
‘আমরা নারী’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান (বিপ্লব)। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সেক্রেটারি (লিগ্যাল অ্যাডভোকেসি) ব্যারিস্টার ফারজানা আওয়াল তটিনী এবং সেক্রেটারি (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) ডা. রাকিবুল হাসান মুরাদসহ অন্য প্রতিনিধিরা।
অন্যদিকে, এরিস্টো আই হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী প্রফেসর মেজর জেনারেল (অব.) ডা. কামরুল হাসান খান, হেড অব অপারেশন্স প্রফেসর ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মুহাম্মদ দেলোয়ার হোসাইন এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আনামুল হক।
চুক্তি অনুযায়ী, ‘আমরা নারী’র নিবন্ধিত সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা এরিস্টো আই হাসপাতালের নির্ধারিত বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় পাবেন। এর মাধ্যমে সদস্যদের জন্য মানসম্মত চক্ষু চিকিৎসা সহজলভ্য করার পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে উৎসাহিত করা হবে।
চিকিৎসাসেবায় বিশেষ সুবিধার পাশাপাশি চক্ষুস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বাড়াতেও যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠান দুটি। চোখের রোগের প্রাথমিক লক্ষণ, সময়মতো রোগ শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যশিক্ষা বিস্তারে বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে। এ লক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান, নারী ও শিক্ষার্থীসমাজ এবং বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্মে সচেতনতামূলক সেমিনার, মতবিনিময় সভা ও স্বাস্থ্যশিক্ষা কার্যক্রম আয়োজনের পরিকল্পনা রয়েছে। চোখের রোগ সম্পর্কে অসচেতনতা ও প্রচলিত ভুল ধারণা দূর করার পাশাপাশি যথাসময়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার গুরুত্বও তুলে ধরা হবে।
‘আমরা নারী’র সহযোগী প্রতিষ্ঠান ‘আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট’ দীর্ঘদিন ধরে নারীর অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, নিরাপদ খাদ্য এবং টেকসই সামাজিক উন্নয়ন বিষয়ে গবেষণা, জনসচেতনতা ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। নারী, তরুণ প্রজন্ম এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কল্যাণে বহুমুখী উদ্যোগের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক ও সচেতন সমাজ গঠনে কাজ করছে প্রতিষ্ঠানটি।
দুই প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ অংশীদারত্ব শুধু চিকিৎসাসেবায় বিশেষ সুবিধা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং চক্ষুস্বাস্থ্য সচেতনতা, প্রতিরোধমূলক স্বাস্থ্যশিক্ষা এবং মানসম্মত চিকিৎসাসেবা সহজলভ্য করতেও ভূমিকা রাখবে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের সুযোগ তৈরি হবে বলেও আশা করছেন তাঁরা।
‘আমরা নারী’র পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহী নারী-পুরুষ নির্বিশেষে যেকোনো নাগরিক সংগঠনটির ওয়েবসাইট www.aamranari.org-এ প্রবেশ করে বিনামূল্যে সাধারণ সদস্যপদ নিতে পারবেন। নিবন্ধিত সদস্যরা সমঝোতা স্মারকে নির্ধারিত শর্ত ও সুবিধা অনুযায়ী নিজেদের এবং পরিবারের সদস্যদের জন্য এরিস্টো আই হাসপাতালের বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।





