শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
২১শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

যুবসমাজকে রক্ষায় যে উদ্যোগ নিলেন যুবদল নেতা

যুবসমাজকে রক্ষায় যে উদ্যোগ নিলেন যুবদল নেতা...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৬ নভেম্বর ২০২৬, ১১:০২ পিএমসর্বশেষ: ৬ নভেম্বর ২০২৬, ১১:০২ পিএম
যুবসমাজকে রক্ষায় যে উদ্যোগ নিলেন যুবদল নেতা

মাদকের ভয়াবহতা থেকে কিশোর ও যুবসমাজকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনের প্রতি আকৃষ্ট করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন টাঙ্গাইলের মধুপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হযরত শেখ।

নিজের ইউনিয়ন আলোকদিয়ার রানিয়াদ গ্রামে প্রায় দুই বিঘা জমির ওপর একটি খেলার মাঠ করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি। দুই বছর মেয়াদে জমি লিজ নিয়ে তিনি এ মহতী উদ্যোগের মাধ্যমে স্থায়ী মাঠের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

শুক্রবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় রানিয়াদ লুৎফর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত মাঠটির উদ্বোধন হয়।

স্থানীয় দুটি দলের একটি প্রীতি ফুটবল ম্যাচের মধ্য দিয়ে মাঠটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রীতি ম্যাচে নবীন একাদশ প্রবীণ একাদশকে ২-১ গোলে হারিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী গাজিবুর রহমান, ইউনিয়ন বিএনপি নেতা হাসান আলীসহ আলোকদিয়ার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কিশোর, যুবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামাঞ্চলে খেলার মাঠের অভাবে অনেক কিশোর-যুবক খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে মাদকের বিস্তার তরুণ প্রজন্মের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ পরিস্থিতিতে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করতেই হযরত শেখ নিজ উদ্যোগে মাঠটি করে দেওয়ার সিদ্ধান্ত নেন।

ফিতা কেটে পায়রা উড়িয়ে মাঠ ও খেলা উদ্বোধন শেষে হযরত শেখ বলেন, তরুণদের দাবির পরিপ্রেক্ষিতে অস্থায়ী ভিত্তিতে দুই বছরের জন্য মাঠটির ব্যবস্থা করা হয়েছে। সরকারের প্রতি আহ্বান থাকবে, এই দুই বছরের মধ্যে স্থায়ী একটা মাঠ তৈরি করে দেওয়ার।

তার এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, একটি খেলার মাঠ শুধু খেলাধুলার জায়গা নয়; এটি কিশোর-যুবকদের শারীরিক ও মানসিক বিকাশ, সামাজিক সম্প্রীতি এবং মাদকবিরোধী সচেতনতা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির পাশাপাশি তরুণদের মাঠমুখী করতে হযরত শেখের এ উদ্যোগ এলাকায় ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, মাঠটি নিয়মিত খেলাধুলা ও বিভিন্ন ক্রীড়া আয়োজনের কেন্দ্র হয়ে উঠবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ