জামালপুরের মেলান্দহ উপজেলায় সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত আরও দুইজন।
আজ শনিবার সকালে উপজেলার বুরুঙ্গা এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হকসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, উপজেলার শিমুলতলী থেকে একটি ট্রাক জামালপুরের দিকে যাচ্ছিল। সে সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেওয়ার পর ট্রাকটি সামনে থাকা ইজিবাইককেও চাপা দেয়।
তিনি আরও জানান, ট্রাকচাপায় ইজিবাইকের দুই যাত্রী ও তাদের সন্তান এবং এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। ওই মোটরসাইকেলের আরেক আরোহী ও ইজিবাইকচালক গুরুতর আহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন—ইসলামপুর উপজেলার ইন্দুল্লামারী এলাকার মোর্শেদ আলম (২৫), তার স্ত্রী ইকরামা (২০) ও তাদের আট মাস বয়সী মেয়ে রিফা।
নিহত মোটরসাইকেল আরোহী শওকত হাসান লিখন (৪৫) মেলান্দহ উপজেলার বকুলতলা এলাকার বাসিন্দা।
এখন পর্যন্ত আহত একজনের পরিচয় জানা গেছে। তিনি ওই উপজেলার শিহাটা এলাকার লেঞ্জা মিয়ার ছেলে হযরত আলী (৩৫)।
মাহমুদুল বলেন, ‘আহতদের মধ্যে একজন ইজিবাইকচালক। আমরা পরিচয় জানার চেষ্টা করছি।
‘আহত দুইজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে,’ জানান এই পুলিশ কর্মকর্তা।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। সে সময় স্থানীয়রা তাকে আটক করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।






