বান্দরবানে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পর্যটন স্পট চিম্বুক পাহাড় এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী।
শনিবার (৭ নভেম্বর) সকালে বান্দরবান সদর উপজেলার চিম্বুক পাহাড় এলাকায় জাতীয়তাবাদী মতাদর্শের স্থানীয় পাহাড়িদের উদ্যোগে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এতে কয়েকটি পাড়ার পাহাড়ি জনগোষ্ঠীর সদস্যরাও অংশ নেন।
অভিযানে চিম্বুক রেঞ্জের ২৭ কিলোমিটার সড়কের দুই পাশের ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি রাস্তার পাশের ঝোপঝাড় ও জঙ্গল পরিষ্কার করা হয়।
কর্মসূচিতে পার্বত্যমন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের জাতীয় ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এ দিবসের তাৎপর্য সামনে রেখে তারা শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকতে চান না। চারপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং প্রকৃতির সৌন্দর্য রক্ষা করাও সবার দায়িত্ব।
তিনি বলেন, বান্দরবান একটি পর্যটনসমৃদ্ধ জেলা। এখানকার পাহাড়, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। পরিচ্ছন্ন বান্দরবান গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।
মন্ত্রী আরও বলেন, পরিবেশ রক্ষায় শুধু সরকার বা প্রশাসন নয়, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। নিজেদের এলাকা নিজেরাই পরিষ্কার রাখার মানসিকতা গড়ে তুলতে হবে।
পরিচ্ছন্নতা অভিযান চলাকালে দলের স্থানীয় নেতাকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






