রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
২৩শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

রোনালদোর ৯ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব

রোনালদোর ৯ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ৬:৩৭ পিএমসর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ৬:৩৭ পিএম
রোনালদোর ৯ রেকর্ড ভাঙা প্রায় অসম্ভব

পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বেশ কিছু রেকর্ড রয়েছে যা ভাঙা প্রায় অসম্ভব। তিনি দুই দশকের বেশি সময় ধরে ফুটবল বিশ্বে রাজত্ব করেছেন।

গত বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেওয়ার পর আলোচনায় এসেছে তার রেখে যাওয়া বেশ কিছু কীর্তি। এর মধ্যে এমন ৯টি রেকর্ড রয়েছে, যেগুলো ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।

জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোল করার রেকর্ড রোনালদোর দখলে। পর্তুগালের জার্সিতে তার গোলসংখ্যা ১৪৬। দ্বিতীয় স্থানে থাকা লিওনেল মেসির চেয়ে ২০ গোল এগিয়ে রয়েছেন তিনি। এক সময় রোনালদোর সঙ্গে এই রেকর্ডের লড়াইয়ে থাকা ইরানের আলী দাইয়ি এখন অনেকটা পিছিয়ে। বর্তমান ফুটবলারদের মধ্যে রোমেলু লুকাকু ৯৪ গোল নিয়ে রয়েছেন চতুর্থ স্থানে। রবার্ট লেভানডোভস্কির গোলও ৯২টি। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে রোনালদোর রেকর্ড ছাড়াতে আরও ৫০টির বেশি গোল করতে হবে।

শুধু গোল করাই নয়, জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও গড়েছেন রোনালদো। পর্তুগালের হয়ে ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি মাঠে নেমেছেন ২৩৪ ম্যাচে। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেসির ম্যাচ সংখ্যা ২০৮। বর্তমানে যারা খেলছেন তাদের মধ্যে কাতারের হাসান আল হায়দোস ১৯৩ ম্যাচ খেলে ভালো পজিশনে থাকলেও রোনালদোর রেকর্ড থেকে অনেক দূরে।

রোনালদোর ক্যারিয়ারের সবচেয়ে বিস্ময়কর দিকগুলোর একটি হলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গোল করার ধারাবাহিকতা ধরে রাখা। ৩০ বছর পূর্ণ হওয়ার আগে পর্তুগালের হয়ে তার গোল ছিল ৫২টি। অথচ ৩০ বছর পেরিয়ে একই জাতীয় দলের হয়ে করেছেন আরও ৯৪ গোল। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা মেসি ৩০ বছর বয়সের পর আন্তর্জাতিক ফুটবলে করেছেন ৬৮ গোল।

কেবল মোট গোলের হিসাবেই নয়, কতগুলো ভিন্ন ম্যাচে গোল করেছেন, সেই তালিকাতেও শীর্ষে রোনালদো। পর্তুগালের হয়ে ৯৬টি আলাদা ম্যাচে গোল করেছেন তিনি। দীর্ঘ সময় ধরে নিয়মিত গোল করার সক্ষমতাই এই রেকর্ডের মূল ভিত্তি।

আন্তর্জাতিক ফুটবলে প্রতিপক্ষের বৈচিত্র্যের দিক থেকেও এগিয়ে রোনালদো। পর্তুগালের হয়ে ৪৯টি ভিন্ন দেশের জাতীয় দলের বিপক্ষে গোল করেছেন তিনি। এই ক্ষেত্রে মেসির চেয়ে তিনটি বেশি দেশের বিপক্ষে জালের দেখা পেয়েছেন পর্তুগিজ তারকা।

রোনালদোর আন্তর্জাতিক ক্যারিয়ার ২৩ বছরের। এই দীর্ঘ সময়ে প্রতিটি বছরই গোল করেছেন তিনি। গোল ছাড়া কাটেনি তার ক্যারিয়ারের কোনো বছর।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বা ইউরোতে সর্বোচ্চ গোলদাতার আসনটিও রোনালদোর। টুর্নামেন্টটির বিভিন্ন আসরে অংশ নিয়ে তিনি করেছেন ১৪ গোল।

ইউরোতে গোল করার পাশাপাশি সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও রোনালদোর। ইউরোপের সবচেয়ে বড় জাতীয় দলীয় প্রতিযোগিতায় তিনি খেলেছেন মোট ৩০ ম্যাচ।

বিশ্বকাপের ইতিহাসে অনন্য একটি কীর্তি রয়েছে রোনালদোর। তিনিই প্রথম ও একমাত্র খেলোয়াড়দের, যিনি বিশ্বকাপের ৬টি আসরে অংশ নিয়ে প্রতিটিতেই গোল করেছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ