টিকটক করতে বাধা দেওয়ায় মায়ের সঙ্গে অভিমান করে জান্নাতুল খানম জান্নাত (১৩) নামের এক মাদ্রাসাছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামে। খবর পেয়ে পুলিশ ওই ছাত্রীর লাশ উদ্ধার করেছে।
মৃত জান্নাত ওই গ্রামের ইতালি প্রবাসী মো. কামাল সরদারের মেয়ে। সে সুন্দরদী গাউছিয়া আবেদিয়া সুন্নিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
মৃতের স্বজনদের বরাত দিয়ে রোববার সকালে গৌরনদী মডেল থানার এসআই মো. আলাউদ্দিন জানিয়েছেন, পড়ালেখা বাদ দিয়ে টিকটক করায় জান্নাতুলের মা তাকে শনিবার (৭ নভেম্বর) বিকালে গালিগালাজ করেন। এতে মায়ের ওপর অভিমান করে সবার অজান্তে রান্নাঘরের আড়ার সঙ্গে ফাঁস দেয় জান্নাতুল। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।






