রাজশাহীতে নেশা করতে বাধা দেওয়ায় স্ত্রী তৃষা খাতুনের (২১) শরীরে অটোরিকশার ব্যাটারির অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী শহিদুল ইসলামকে যৌথ অভিযান চালিয়ে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বোয়ালিয়া মডেল থানা পুলিশ ও এসআরবি-৫-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়।সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের চার ঘণ্টার মধ্যে তাকে আটক করা হয়েছে।
আটক শহিদুল ইসলাম রাজশাহী জেলার তানোর থানার মালশিরা গ্রামের মৃত সেকেন্দারের ছেলে। তিনি তৃষা খাতুনের স্বামী।
বোয়ালিয়া মডেল থানা পুলিশ জানায়, তৃষা খাতুনের দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি শহিদুল ইসলামকে বৃহস্পতিবার সন্ধ্যায় বোয়ালিয়া থানা ও এসআরবি-৫-এর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত ৫ নভেম্বর রাতে নেশা করতে নিষেধ করায় ক্ষিপ্ত হয়ে শহিদুল তার স্ত্রী তৃষার শরীরে অটোরিকশার ব্যাটারির অ্যাসিড নিক্ষেপ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী। এতে তার মুখের একপাশসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ছয় দিন চিকিৎসা নেওয়ার পর বাড়ি ফেরেন তিনি।
তৃষার অভিযোগ, স্বামী নেশার পেছনে উপার্জনের টাকা ব্যয় করতেন এবং তার ও চার বছর বয়সী মেয়ের ভরণপোষণ দিতেন না। সংসার চালাতে তাকে অন্যের বাড়িতে কাজ করতে হতো। এসব বিষয়ে প্রতিবাদ করলে স্বামী তাকে মারধর করতেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও স্বামী তার খোঁজ নেননি। বরং মামলা করলে হত্যার হুমকি দিয়েছেন।
আগের রাতে সাংবাদিকদের কাছে নির্যাতনের বর্ণনা দিয়ে তৃষা স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তিনি বলেন, ভালোবেসে বিয়ে করা স্বামীর এমন নির্যাতনের পর চার বছরের মেয়েকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন।
তানোরের মালশিরা গ্রামের তৃষা পাঁচ বছর আগে একই গ্রামের শহিদুলকে ভালোবেসে বিয়ে করেন। বর্তমানে তারা রাজশাহী নগরীর দড়িখরবোনা রেলগেট এলাকার শাহীন বস্তিতে ভাড়া থাকতেন।
অভিযোগের বিষয়ে শহিদুল এর আগে বলেছিলেন, তিনি নেশা করেন না। তবে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলার কারণে স্ত্রীকে অ্যাসিড মেরেছেন বলে স্বীকার করেন।






