Home Blog Page 36

জুলাই সনদ স্বাক্ষর জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত

0

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৫:

আসন্ন জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস”র সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি, প্রটোকল, এবং জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে এই স্বাক্ষর অনুষ্ঠানকে সফল করার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিকেলে কমিশনের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ও ড. মো. আইয়ুব মিয়া। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও বৈঠকে অংশ নেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া

সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আরও একটি প্রস্তুতিমূলক বৈঠকে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস যোগ দেবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠিত হবে, যেখানে দেশের প্রধান রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধি দল অংশ নেবেন।

এই ঐতিহাসিক সনদকে জাতীয় ঐক্য ও গণতন্ত্রের নতুন মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সুজন”র মুলাদী কমিটি ঘোষণাঃ কবির সভাপতি, মিরন সম্পাদক

‘সচেতন সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’-এ স্লোগানকে ধারণ করে বাংলাদেশের সর্ববৃহৎ অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশালের মুলাদী উপজেলায় কমিটি গঠন করেছে। বুধবার (১৫ অক্টোবর) মুলাদী উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় কণ্ঠভোটের মাধ্যমে মুলাদী উপজেলায় ওই দ্বি-বার্ষিক সুজন কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন সংক্রান্ত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের বরিশাল বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা সুজন সম্পাদক রণজিৎ দত্ত, বাবুগঞ্জ উপজেলা সুজন সম্পাদক ও বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ আহমেদ মুন্না এবং সুজন বন্ধু (ইয়ুথ) টিমের বরিশাল জেলা সমন্বয়কারী মোঃ হাদিউজ্জামান।

সুজন মুলাদী উপজেলা আহবায়ক হুমায়ুন কবির খানের (খান কবির) সভাপতিত্বে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন মুলাদী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও কবি আতিকুর রহমান মিরন। এসময় আহবায়ক কমিটির সদস্য ও স্থানীয় সুশীল সমাজের পক্ষ থেকে বক্তব্য রাখেন মুলাদী উপজেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, মুলাদী বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন খান, সুজন কমিটির সদস্য সচিব সাবেক পুলিশ কর্মকর্তা শেরদিল পালোয়ান, আহবায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন হাওলাদার ও জসিম উদ্দিন।

মতবিনিময় সভা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে আহবায়ক কমিটি বিলুপ্ত করে উপস্থিত কাউন্সিলরদের কণ্ঠভোটের মাধ্যমে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১’এর সাবেক সভাপতি হুমায়ুন কবির খানকে (খান কবির) সভাপতি এবং মুলাদী উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আতিকুর রহমান মিরনকে সম্পাদক নির্বাচিত করে মুলাদী উপজেলা সুজন কমিটি ঘোষণা করা হয়। এসময় সাবেক পুলিশ কর্মকর্তা শেরদিল পালোয়ান সিনিয়র সহ-সভাপতি এবং ব্যবসায়ী নেতা রিয়াজুল ইসলাম বাকু কোষাধ্যক্ষ নির্বাচিত হন। নবনির্বাচিত সুজন নেতৃবৃন্দের আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেন বরিশাল জেলা সুজন সম্পাদক রণজিৎ দত্ত। নবনির্বাচিতদের আগামী ৩ কর্মদিবসের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলায় প্রেরণের নির্দেশনা দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল বিভাগের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ মিতা। #

ডাকাতি মামলার আসামী মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার।

গৌরনদী প্রতিনিধিঃ গত ৮ ই অক্টোবর বরিশাল জেলার গৌরনদী উপজেলার হোসনাবাদ সাহেবের চর বাজারে নৈশ প্রহরীদের হাত পা বেঁধে জুয়েলারি দোকানসহ একাধিক ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যতম সহযোগী সদস্য জালাল মিজিকে মুন্সিগঞ্জ সদর থানা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে গৌরনদী মডেল থানা পুলিশ।১৫ ই অক্টোবর রোজ বুধবার দুপুরে গ্রেফতারকৃত ওই আসামির পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃত ডাকাত সদস্য জালাল মিজি মুন্সিগঞ্জ সদর থানা এলাকার বানিয়াল মহেশপুর গ্রামের কাশেম মিজির ছেলে।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম বলেন ডাকাতির ঘটনায় মামলা দায়েরর পরবর্তী থেকে আধুনিক তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় ওই ডাকাত সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় গৌরনদী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত ডাকাত সদস্য জালাল মিজি একজন আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যতম সহযোগী সদস্য। তার বিরুদ্ধে বরিশাল সহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।পাশাপাশি তিনি আরো বলেন বাকি আসামিদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ পুলিশের দ্রুততম এই সফলতায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনসাধারণ।

বিএনপির দুঃসময়ের কান্ডারী কবির আস‌ছেন

0

নিজস্ব প্রতিবেদকঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আস্থার প্রতীক, দলের দুঃসময়ের কান্ডারী হিসেবে পরিচিত সাবেক ছাত্র ও যুবনেতা কবির হোসেন পাটোয়ারী (বড় কবির) শীঘ্রই দেশে ফিরছেন। তার প্রত্যাবর্তন উপলক্ষে ইতিমধ্যে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাকে বরণ করে নিতে দলীয় পর্যায়ে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী ও বিএনপির রাজপথের নির্ভীক সৈনিক হিসেবে কবির হোসেন পাটোয়ারী দীর্ঘদিন ধরে রামগঞ্জে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে কাজ করে গেছেন। ফ্যাসিস্ট সরকারের আমলে একাধিক মিথ্যা মামলা, জেল-জুলুম ও পুলিশি হয়রানির শিকার হয়ে তিনি বাধ্য হন দেশ ছাড়তে।

প্রবাসে গিয়েও থেমে থাকেননি তিনি। ফ্রান্সে বিএনপির শক্ত ঘাঁটি গড়ে তোলেন এবং দলের বিপদগ্রস্ত নেতা-কর্মীদের আর্থিক ও আইনি সহায়তা দিয়ে প্রবাসে থেকেও তৃণমূলের আস্থা অর্জন করেন। বর্তমানে তিনি ফ্রান্স বিএনপির প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রামগঞ্জের তরুণ নেতারা জানান, ছাত্র ও যুবদলের রাজনীতিতে তিনি ছিলেন দলের অক্লান্ত কর্মী। তিনি এক সময় রামগঞ্জ সরকারি কলেজের জিএস, রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি এবং পরবর্তীতে উপজেলা যুবদলের সভাপতি হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

রামগঞ্জ পৌর যুবদলের সদস্য আমজান হোসেন মিয়াজী বলেন,

“প্রবাসে থেকেও বড় কবির ভাই আমাদের জন্য অনুপ্রেরণার প্রতীক। তিনি যেমন বিএনপির দুর্গ গড়ে তুলেছেন, তেমনি একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবেও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন। তার ফিরে আসা রামগঞ্জ বিএনপিতে নতুন উদ্দীপনা ও ঐক্যের সঞ্চার ঘটাবে।”

সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে কবির হোসেন পাটোয়ারী সমানভাবে সক্রিয় ছিলেন। তিনি রামগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনে নেতৃত্ব দিয়ে এলাকা ও দলের প্রতি নিবেদিতপ্রাণ হিসেবে পরিচিতি পেয়েছেন।

রামগঞ্জের রাজনৈতিক অঙ্গন এখন কবির হোসেন পাটোয়ারীর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নতুন উদ্দীপনায় মুখর। স্থানীয়দের আশা, তার ফিরে আসা রামগঞ্জ বিএনপির রাজনীতিতে নবজাগরণের সূচনা ঘটাবে।

শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫ অনুষ্ঠিত

নাসির উদ্দিন সৈকত স্টাফ রিপোর্টার, বরিশালঃ

শিক্ষা জাতির মেরুদণ্ড, খেলাধুলা জাতির মানদণ্ড”—এই অঙ্গীকারকে ধারণ করে বরিশালের গৌরনদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট–২০২৫’।মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৩টা ৩০ মিনিটে মাহিলাড়া অনন্ত নারায়ণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ইব্রাহীমউপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ মেহেদী হাসান।অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:শরীফ জহির, সদস্য সচিব, গৌরনদী উপজেলা বিএনপি,বদিউজ্জামান মিন্টু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, গৌরনদী উপজেলা বিএনপি,আব্দুল আউয়াল, সাবেক সভাপতি, মাহিলাড়া ইউনিয়ন বিএনপি,জাফর ইকবাল, সাবেক সভাপতি, গৌরনদী উপজেলা ছাত্রদল,সজল সরকার, যুগ্ম আহ্বায়ক, গৌরনদী উপজেলা বিএনপি,বেল্লাল হোসেন কবিরাজ, সহকারী অধ্যাপক, মাহিলাড়া ডিগ্রি কলেজ,এবং উত্তম কুমার অধিকারী, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), মাহিলাড়া অনন্ত নারায়ণ বিদ্যালয়। আরও উপস্থিত ছিলেন –এস. এম. মনজুর হোসেন মিলন, সদস্য, বরিশাল উত্তর জেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান, সরিকল ইউনিয়ন,আনোয়ার সাদাত তোতা, সাবেক চেয়ারম্যান, মাহিলাড়া ইউনিয়ন পরিষদ,তাইফুর রহমান কচি, সাবেক আহ্বায়ক, গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দল ও সাবেক চেয়ারম্যান, চাঁদশী ইউনিয়ন,সোহানুর রহমান সোহাগ, চেয়ারম্যান, বেঁকিরডিঘী ইউনিয়ন পরিষদ ও যুগ্ম আহ্বায়ক, বরিশাল জেলা উত্তর যুবদল,

এবং হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক, মাহিলাড়া ডিগ্রি কলেজ

টুর্নামেন্টের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন
জনাব মোঃ রুবেল গোমস্তা, সভাপতি, শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটি

অনুষ্ঠানে বক্তারা বলেন,

“যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করতে হবে। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব গড়ে তোলার মাধ্যম।”

টুর্নামেন্টটি আয়োজন করেছে “মাহিলাড়া ক্রীড়াপ্রেমী ছাত্র ও যুব সংগঠন”, গৌরনদী, বরিশাল। দিনব্যাপী মাঠজুড়ে ছিল খেলোয়াড়, দর্শক ও ক্রীড়াপ্রেমীদের উৎসবমুখর উপস্থিতি। খেলায় অংশ নেওয়া দলগুলো ক্রীড়ানৈপুণ্যের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে তোলে।

তহশীলদার আক্তার হোসেনের অনিয়মে লাগাম নেই

স্টাফ রিপোর্টার:

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা (তহশীলদার) হিসেবে কর্মরত আক্তার হোসেনের বিরুদ্ধে ওঠেছে একের পর এক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। এর আগে তিনি শিবচর উপজেলার বহেরাতলা ইউনিয়নে দায়িত্ব পালনকালে একইভাবে নানা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

ভূমি অফিসের সেবাগ্রহীতাদের অভিযোগ— নামজারি ও পর্চা উত্তোলনের জন্য আক্তার হোসেন নিয়মিতভাবে হাজার হাজার টাকা ঘুষ নেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, শিবচরের বহেরাতলা এলাকার এক ব্যক্তি ঘটমাঝি ইউনিয়ন ভূমি অফিসে এসে অভিযোগ করেন যে, আক্তার হোসেন তার তিনটি নামজারি করার জন্য দেড় লাখ টাকা নেন। এর মধ্যে দুটি নামজারি সম্পন্ন হলেও একটি এখনো করেননি। তাছাড়া কয়েকটি দলিলের কপি নেওয়ার পরও তা ফেরত দেননি, ফলে ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছেন। নিরাপত্তার কারণে তিনি নাম প্রকাশে অনিচ্ছুক।

এছাড়া জানা গেছে, আক্তার হোসেন সদর উপজেলার পাঁচখোলা এলাকার বাসিন্দা। তিনি এক সাবেক সরকারি কর্মকর্তার নাম ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তার করেন।
তার অনিয়মের বিষয়ে জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

সখিপুরের হাতীবান্ধা গভীর জঙ্গলে মহীষ উদ্ধার

0

সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের সখিপুর উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের একটি গভীর জঙ্গল থেকে হাড্ডিসার অবস্থায় একটি মহিষ উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে এক নারী লাকড়ি সংগ্রহ করতে গিয়ে মহিষটির আর্তচিৎকার শুনে বিষয়টি প্রথম দেখতে পান।

স্থানীয় সূত্রে জানা যায়, হাতীবান্ধা গ্রামের শাহপুর বাইদের নিকট সেলিম খাঁর বাড়ির উত্তর পাশে বনজঙ্গলের ভিতরে প্রায় ২০-২৫ দিন আগে দড়িসহ আটকে পড়ে মহিষটি। দীর্ঘদিন অনাহারে থেকে এটি গুরুতর দুর্বল হয়ে পড়ে। মঙ্গলবার সকালে একজন নারী জঙ্গলে লাকড়ি তুলতে গিয়ে দূর থেকে মহিষটির আওয়াজ শুনে ঘটনাস্থলে গিয়ে হাড্ডিসার অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে খবরটি স্থানীয় চেয়ারম্যানকে জানানো হয়।

স্থানীয় বাসিন্দা মোঃ সেলিম খাঁ বলেন, “মহিষটি একদমই দুর্বল হয়ে গেছে। মনে হচ্ছে কয়েকদিন ধরে না খেয়ে জঙ্গলে পড়ে ছিল। আমরা পানি ও ঘাস খাওয়ানোর চেষ্টা করেছি।”

এ বিষয়ে হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান খান রবিন বলেন, “খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ধারণা করা হচ্ছে, কেউ মহিষটি এখানে ফেলে রেখে গেছে। প্রাণীটিকে বাঁচাতে স্থানীয় পশু চিকিৎসা বিভাগকে খবর দেওয়া হয়েছে।”

সখিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, “যদি মহিষটিকে উদ্ধার করে আমাদের কাছে আনা হয়, তাহলে আমরা চিকিৎসার ব্যবস্থা করব। তবে এখন পর্যন্ত মহিষটির মালিকানা পাওয়া যায়নি।”

বর্তমানে এলাকাবাসী স্বেচ্ছায় মহিষটির যত্ন নিচ্ছেন। স্থানীয় সরবেশের নেতৃত্বে কয়েকজন যুবক ও সিরাজগঞ্জের এক কাঠমিস্ত্রির সহযোগিতায় মহিষটিকে জঙ্গল থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে হাতীবান্ধা আব্দুল আলী মার্কেটের তিন রাস্তার মোড়ে। এখনো পর্যন্ত মহিষটির প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়নি।

ভেড়ামারায় মা সমাবেশ ও ফ্রি ক্লাসের শুভ উদ্বোধন।

0

 রিপোর্টার, কুষ্টিয়া:

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেছেন, “একজন আদর্শ ও মানবিক মানুষ তৈরি করতে মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সন্তানকে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার বা ম্যাজিস্ট্রেট নয়, বরং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই সর্বাধিক জরুরি।”

তিনি আরও বলেন, “বর্তমান সময়ে আধুনিকতার ছোঁয়ায় মোবাইল, টিকটকসহ নানা অপসংস্কৃতি শিশুদের চরিত্র গঠনে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে, যেন আগামী প্রজন্ম নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে বেড়ে ওঠে।”

মঙ্গলবার সকালে ভেড়ামারা মধ্যবাজার স্বর্ণকারপট্টি সংলগ্ন প্রতিভা মডেল একাডেমী স্কুল প্রাঙ্গণে “মা সমাবেশ” ও ২০২৬ শিক্ষাবর্ষের কোমলমতি শিক্ষার্থীদের ফ্রি ক্লাসের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক ফিরোজ মাহমুদ এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
ভেড়ামারা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শফিকুল ইসলাম ডাবলু,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল ইসলাম বিশ্বাস,
ভেড়ামারা আলহেরা মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বাংলা একাডেমীর জীবন সদস্য আলহাজ হাসানুজ্জামান খসরু,
আল-আরাফাহ ইসলামী ব্যাংক ভেড়ামারা শাখার ম্যানেজার আমিনুল ইসলাম,
দৈনিক যুগান্তরের ভেড়ামারা প্রতিনিধি রেজাউল করিম,
সাপ্তাহিক সীমান্ত কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হেলাল মজুমদার,
এবং সাংবাদিক ও ভেড়ামারা ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক শাহ্ জামাল প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক মনোয়ার হোসেন মারুফ

সমাবেশ শেষে প্রধান অতিথি রফিকুল ইসলাম ও বিশেষ অতিথি শফিকুল ইসলাম ডাবলু ফিতা কেটে ২০২৬ সালের পাঠ্যক্রম কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে কোমলমতি শিশু শিক্ষার্থীদের ফুল দিয়ে নতুন ক্লাসে বরণ করে নেওয়া হয়, যা উপস্থিত অভিভাবক ও অতিথিদের

নারায়ণগঞ্জে নারী সাংবাদিকের ওপর হামলা

0

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক নারী সাংবাদিকের ওপর দেহব্যবসায়ী চক্রের নৃশংস হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, ওই সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মারধর করেছে চক্রের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে চলা দেহব্যবসা সম্পর্কে এলাকাবাসীর অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে নারী সাংবাদিকটি একাধিকবার অনুসন্ধানমূলক প্রতিবেদন তৈরির চেষ্টা করেন। তবে প্রতিবারই পুলিশের এক এসআই তাকে তদন্তে বাধা দেন বলে অভিযোগ রয়েছে।

সম্প্রতি নতুন করে একই অভিযোগ পাওয়ার পর, নারী সাংবাদিক দুজন সহকর্মীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষ প্রমাণ সংগ্রহের চেষ্টা করেন। এ সময় এলাকায় অবস্থিত একটি প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিক এতে বাধা দেয় এবং এক পুলিশ সদস্য দেহব্যবসায়ী চক্রের সদস্যদের মোবাইল ফোনে কল করে নারী সাংবাদিককে হুমকি ও অশালীন ভাষায় গালিগালাজ করেন বলে জানা গেছে।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন দেহব্যবসায়ী চক্রের সদস্যরা নারী সাংবাদিকের ওপর হামলা চালায়। তাকে টেনে-হিঁচড়ে মাথা ও শরীরে লাঠি-সোঠা দিয়ে আঘাত করা হয়। তার সঙ্গে থাকা দুই সাংবাদিককে অন্য কক্ষে আটকে রাখা হয়। পরে খবর পেয়ে অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছে আহত নারী সাংবাদিককে উদ্ধার করেন।

বর্তমানে তিনি শারীরিক ও মানসিকভাবে গুরুতরভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছেন। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক।

বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফোরামের সভাপতি কে. এম. আবুল হোসেন এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, “বাংলাদেশে সাংবাদিক নির্যাতনের হার উদ্বেগজনকভাবে বাড়ছে। সরকারকে অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে এবং প্রশাসনের মধ্যে যারা এসব অপরাধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত, তাদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নিতে হবে।”

সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষায় জোরালো ভূমিকা নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তারেক রহমানের সাক্ষাৎকার বড় পর্দায় প্রদর্শন।

0

নাসিম আহমেদ:

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পলাশী মোড়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলাকে দেওয়া দুই পর্বের সাক্ষাৎকার “গণতন্ত্র পুনরুদ্ধারের নতুন দিগন্ত উন্মোচন” বড় পর্দায় প্রদর্শন করেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।

গতকাল রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে দশটায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে প্রদর্শনীর সূচনা হয়। পুরো আয়োজনটি ছিল তারিকের নিজস্ব উদ্যোগে। তিনি জানান, মূল উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের দোরগোড়ায় তারেক রহমানের বক্তব্য ও বার্তা পৌঁছে দেওয়া।

প্রদর্শনীতে উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ—শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রিকশাচালক ও পথচারীরা। অনেকেই মনোযোগ সহকারে সাক্ষাৎকারটি উপভোগ করেন, আবার কেউ কেউ তারেক রহমানের বক্তব্য চলাকালে তার পক্ষে স্লোগানও দেন।

প্রদর্শনী শেষে তরিকুল ইসলাম তারিক বলেন,

“দীর্ঘ ১৭ বছর ধরে তারেক রহমান প্রবাসে থেকেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিবিসি বাংলাকে দেওয়া তার এই সাক্ষাৎকারে দেশের প্রতি তার দায়বদ্ধতা ও জনগণের মুক্তির আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। তাই আমি মনে করেছি, এই বার্তা দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব।”

এই অভিনব উদ্যোগে রাজনৈতিক সচেতন নাগরিক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। অনেকেই ছাত্রদল নেতা তারিকের এই উদ্যোগকে তরুণ প্রজন্মের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন।